গ্রামীণ ব্যাংকের অখণ্ডতা রক্ষায় জোর দিলেন অ্যালিস্টার বার্ট
যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়াবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্ট নোবেলজয়ী গ্রামীণ ব্যাংকের অখণ্ডতা ও দক্ষতা রক্ষার ওপর জোর দিয়েছেন।অ্যালিস্টার বার্ট বলেন, ‘আমরা দারিদ্র্য দূরীকরণে গ্রামীণ ব্যাংকের অসাধারণ কাজের প্রতি জোরালো সমর্থন জানাচ্ছি।’ তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংক যাতে তার কাজ চালিয়ে যেতে পারে, সে জন্য এর অখণ্ডতা ও দক্ষতা রক্ষা করা উচিত।গতকাল বৃহস্পতিবার ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন থেকে পাঠানো বিবৃতিতে বার্ট ক্ষুদ্রঋণের পথিকৃৎ হিসেবে গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেন। তিনি বলেন, তাঁর রেখে যাওয়া এই প্রতিষ্ঠান রক্ষা এবং একে সমুন্নত রাখা উচিত।২০০৬ সালে অধ্যাপক ইউনূসের সঙ্গে গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার জিতেছিল। ব্যাংক এবং এর ৫৪টি সহযোগী প্রতিষ্ঠানের কর্মকাণ্ড পর্যালোচনা করতে চার সদস্যের কমিশন গঠনের পর ব্যাংকটির ভবিষ্যৎ নিয়ে ড. ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেন। ভবিষ্যতে প্রতিষ্ঠানগুলোকে কীভাবে চালানো হবে, তার জন্য সুপারিশ তৈরি করতে সরকার ১৬ মে কমিশন গঠন করে।