গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাকে হত্যা করে টাকা লুট
কুমিল্লা শহরে দিলীপ কুমার বণিক (৩১) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করে টাকাভর্তি ব্যাগ লুট করেছে ছিনতাইকারীরা। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শহরের সুজানগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দিলীপ গ্রামীণ ব্যাংকের আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন শাখার মাঠ কর্মকর্তা ছিলেন।
একই দিন সকালে নরসিংদীতে রিহাদ আহমেদ (২২) নামের কারখানার এক কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। রিহাদ জেলা শহরের সাটিরপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে। তিনি সদর উপজেলার ভাটপাড়ায় আমানত শাহ স্পিনিং মিলের কর্মচারী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দিলীপ বেলা দুইটার দিকে গ্রাহকদের কাছ থেকে ঋণের টাকা আদায়ের পর তা ব্যাগে করে কার্যালয়ে ফিরছিলেন। সুজানগর পূর্বপাড়া এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাঁকে আটক করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীদের হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তিনি দৌড় দেন। ছিনতাইকারীরা তাঁকে ধরে ফেলে পেটে ছুরিকাঘাত করে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। পরে দিলীপকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. সামসুজ্জামান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ও রিহাদের পরিবারের সদস্যরা জানান, গত সোমবার বিকেলে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হন রিহাদ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে পৌর শিশুপার্কের পেছনে কৃষিজমিতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পরে সকাল নয়টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ঘটনাস্থল থেকে রিহাদের ব্যবহূত মুঠোফোনে ব্যবহূত সিম কার্ডটি উদ্ধার করে। পরে ওই সিমে থাকা নম্বরের সূত্র ধরে রিহাদের পরিচয় নিশ্চিত করে পুলিশ।
গতকাল বিকেলে নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার রায় বলেন, প্রেমঘটিত কারণে রিহাদকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।