গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে যুবলীগের হামলা, ভাঙচুর
টাঙ্গাইলের সখীপুরে গ্রামীণ ব্যাংক আঞ্চলিক কার্যালয়ে স্থানীয় যুবলীগ হামলা চালিয়ে ভাঙচুর করে। এর আগে উপজেলা যুবলীগ সখীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে সমাবেশ করে। গ্রামীণ ব্যাংকের এক কর্মীর আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে তাঁরা ওই সমাবেশ করেন এবং সেখান থেকে মিছিল নিয়ে ওই হামলা চালান। নিহত আবদুস সালামের ছেলে মো. খলিল শনিবার রাতে বাদী হয়ে কচুয়া গ্রামীণ ব্যাংক শাখার কেন্দ্র ব্যবস্থাপক (মাঠকর্মী) ইসহাক উদ্দিন (৩৫) ও ওই শাখার ব্যবস্থাপক জসীম উদ্দিনকে (৪০) আসামি করে সখীপুর থানায় খুনের মামলা করেছেন। পুলিশ রাতেই কচুয়া গ্রামীণ ব্যাংক শাখায় অভিযান চালাতে যায়। এ সময় ব্যাংক তালাবদ্ধ ছিল। গতকাল উপজেলায় গ্রামীণ ব্যাংকের সব শাখা কার্যালয় বন্ধ ছিল বলে জানা যায়। স্থানীয় সূত্র জানায়, ১৪ আগস্ট উপজেলার কচুয়া গ্রামের আবদুস সালাম (৮১) তাঁর ছেলে আবু সাঈদের ঋণের কিস্তি পরিশোধ করতে গ্রামীণ ব্যাংকের কচুয়া শাখা কার্যালয়ে যান। এ সময় কেন্দ্র ব্যবস্থাপক ইসহাক উদ্দিনের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। এক পর্যায়ে ইসহাক উদ্দিন আঘাত করলে বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ১৫ আগস্ট তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে আবদুস সালাম মারা যান। আবদুস সালামের মৃত্যুর প্রতিবাদে গতকাল রোববার সকালে বৃদ্ধের নিজ এলাকা উপজেলার কচুয়া বাজারে মিছিল ও সমাবেশ হয়। বেলা তিনটায় উপজেলা যুবলীগ সখীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, সখীপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সখীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আরিফ সরকার প্রমুখ। সমাবেশে যুবলীগের নেতারা সখীপুরের সব গ্রামীণ ব্যাংক বন্ধ রাখতে হবে বলে হুমকি দেন। সমাবেশ শেষে লাঠিসোঁটাসহ মিছিল নিয়ে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা সখীপুর গ্রামীণ ব্যাংকের এরিয়া কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় ওই কার্যালয়ের সব কক্ষ তালাবদ্ধ ছিল। হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে জানালার কাচ ভাঙে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বলেন, ‘কিছু যুবক ভাঙচুর করেছে বলে শুনেছি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা নিয়েছে। গ্রামীণ ব্যাংকের কচুয়া শাখাতেও পুলিশ দেওয়া হয়েছে।’যোগাযোগের চেষ্টা করেও গ্রামীণ ব্যাংকের ওই শাখার কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।