গ্রামীণ ব্যাংকের ছয় নারী পরিচালককে হয়রানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় এসে হয়রানির মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন গ্রামীণ ব্যাংকের ছয়জন নারী পরিচালক। গতকাল রোববার রাতে মিরপুরের টোলারবাগে একটি বাসার ছাদে তাঁদের দীর্ঘক্ষণ আটকে থাকতে হয়। এরপর পুলিশ ও ‘মাস্তান গোছের’ কিছু লোক তাঁদের জেএমবি সদস্যসহ নানা রকম অপবাদ দিয়ে বিপর্যস্ত করার চেষ্টা করে বলে জানান তাঁরা।তবে পুলিশ বলছে, তারা একটা সংবাদ পেয়ে সেখানে গিয়েছিলেন। পরে দেখা যায়, বিষয়টি আসলে তেমন কিছু নয়।গ্রামীণ ব্যাংকের পরিচালক নাসিমা বেগম বলেন, কয়েকজন নারীনেত্রীর ডাকে সাড়া দিয়ে তাঁরা গ্রামীণ ব্যাংকের ছয়জন বর্তমান ও একজন সাবেক পরিচালক গত শনিবার বিকেলে টোলারবাগে গ্রামীণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকের বাসায় এসে ওঠেন। কিন্তু নারীনেত্রীদের সঙ্গে আলোচনার সময়সূচি নির্দিষ্ট না হওয়ায় গতকাল বিকেলে তাঁরা একটি মাইক্রোবাস ভাড়া করে ঘুরতে বের হয়েছিলেন। মাইক্রোবাসটি মিরপুর এলাকা অতিক্রম করতে না করতেই চার-পাঁচটি মোটরসাইকেলে ১০-১১ জন লোক তাঁদের গাড়িটিকে ঘিরে রাখে। একটি মোটরসাইকেল গাড়ির সামনে গিয়ে তাঁদের দিকে ভিডিও ক্যামেরা তাক করে। নাসিমা বলেন, এরপর তাঁরা গাড়ি ঘুরিয়ে টোলারবাগের ওই বাসায় ফিরে যান। সন্ধ্যার দিকে বিদ্যু ৎ চলে গেলে তাঁরা ওই ছয়তলা বাড়ির ছাদে ওঠেন। এ সময় বাইরে থেকে কেউ ছাদের লোহার দরজার হুড়কো আটকে দেয়। অনেক ডাকাডাকি করলেও কেউ হুড়কো খোলে না। রাত আটটার দিকে পুলিশসহ একদল লোক ছাদে উঠে আসে।আরেক পরিচালক রোজিনা বেগম বলেন, পুলিশের সঙ্গে থাকা কয়েকজন নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেয়। তারা ছাদে উঠেই বলা শুরু করে, ‘আপনারা জেএমবি’। সঙ্গে সঙ্গে তাঁরা বিষয়টি ফোনে সংশ্লিষ্ট নারীনেত্রী ও আইনজীবীদের জানান।রাত নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ছাদের ওপর ২০-২৫ জন লোক সাত নারীকে একের পর প্রশ্ন করছেন। পরিচয় নিতে গিয়ে জানা যায়, এদের মধ্যে সাত-আটজন স্থানীয় দারুস সালাম থানা থেকে এসেছেন। ৮-১০ জন সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক। তিন-চারজন নিজেদের দৈনিক পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দেন। কিন্তু এসব পত্রিকার নাম খুব পরিচিত নয়। আর চার-পাঁচজন ছিলেন গ্রামীণ ব্যাংকের বহিষ্কৃত কর্মকর্তা। রাত নয়টার পর ঘটনাস্থলে আসেন নারীনেত্রী শিরীন হক, ডা. জাফরুল্লাহ ও আইনজীবী সারা হোসেন। তাঁরা আসার পর ছাদের বেশির ভাগ লোক চলে যায়। শুধু দুটি চ্যানেল ও পত্রিকার সাংবাদিক, পুলিশ সদস্যরা থাকেন। পরিচালক রোজিনা বেগম বলেন, ‘গ্রামীণ ব্যাংকের কয়েকজন আমাদের কাছে এসে তাঁদের চাকরি হারানোর জন্য দায়ী করেন। এদের মধ্যে সাংবাদিক পরিচয় দিয়ে কয়েকজন প্রশ্ন করতে থাকেন, “আপনারা কত টাকা খেয়ে এখানে এসেছেন।” আর পুলিশের দাবি, আমরা “জেএমবি”। সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের পাগল হওয়ার দশা হয়।’ নারী পরিচালকেরা জানান, গ্রামীণ ব্যাংকের সেবাগ্রহীতা নারীদের ভোটে তাঁরা নির্বাচিত হয়েছেন। তাঁদের সবাই দেশের বিভিন্ন প্রান্তের গ্রাম থেকে ঢাকায় এসেছেন। ঘটনাস্থলে নারীনেত্রী শিরীন হক বলেন, ‘আমরা শুনছি যে গ্রামীণ ব্যাংকের নারী পরিচালকদের অপসারণের একটা চক্রান্ত চলছে। বিষয়গুলো তাঁদের মুখ থেকে শোনার জন্য তাঁদের ঢাকায় আমন্ত্রণ জানাই।’আইনজীবী সারা হোসেনের অভিযোগ, সরকারের বিভিন্ন মহল থেকে গ্রামীণ ব্যাংকের এই নারী পরিচালকদের হয়রানি করার চেষ্টা চলছে।ঘটনাস্থলে উপস্থিত দারুস সালাম থানার অপারেশন কর্মকর্তা উপপরিদর্শক আবদুস সালাম বলেন, এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। বাড়িতে ঢুকে বিভিন্ন ফ্ল্যাটে কড়া নাড়তেই দেখা যায় ভেতরের আলো নিভে যাচ্ছে। এতে পুলিশের ‘জেএমবি’ সন্দেহ জোরালো হয়। পরে ছাদে গিয়ে ওই সাত নারীকে পাওয়া যায়। এখন বিষয়টি পরিষ্কার হয়েছে, এরা আসলে সাধারণ মানুষ।দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেক বলেন, টোলারবাগের একটি বাসায় সন্দেহজনক গোপন বৈঠকের খবর আসে পুলিশের কাছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেটি গ্রামীণ ব্যাংকের উপব্যবস্থ্থাপনা পরিচালক (ডিএমডি) জান্নাত কাওনাইনের বাসা। ব্যাংকের আরও ছয়জন পরিচালক সেখানে একত্র হয়ে বৈঠক করছিলেন। কিন্তু কারও কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় পুলিশ ফিরে আসে।