ভুয়া ঋণে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগে সুনামগঞ্জে গ্রামীণ ব্যাংকের দুই কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ এবং বিশেষ আদালতের বিচারক মো. ইসরাইল হোসেন গতকাল রোববার এই আদেশ দেন। এজাহারে উল্লেখ করা হয়, ২০০৭ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০০৯ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত জেলার দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান ও কেন্দ্র-ব্যবস্থাপক কামাল হোসেন ব্যাংকের ১৫১ জন গ্রামীণ সদস্যের সই জাল করে ১২ লাখ ৪৪ হাজার ৩০০ টাকা ঋণ বিতরণ দেখান। পরে তাঁরাই বিভিন্ন সময়ে সাপ্তাহিক কিস্তি ও সঞ্চয় বাবদ পাঁচ লাখ ৩৭ হাজার ৬১২ টাকা ব্যাংকে জমা দেন। বাকি সাত লাখ ছয় হাজার ৬৮৮ টাকা দুজন মিলে আত্মসাৎ করেন। এই অভিযোগের ভিত্তিতে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে ২০১১ সালের ২৮ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামসুল আলম বাদী হয়ে দোয়ারাবাজার থানায় মামলা করেন।সুনামগঞ্জে দুদকে আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) আইনুল ইসলাম জানান, বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।