গ্রামীণ ব্যাংকের ধ্বংস অবধারিত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন পরিবর্তনের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ধ্বংস অবধারিত হয়েছে বলে মন্তব্য করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী প্রথম বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূস।
গ্রামীণ ব্যাংক আইন পাসের পরদিন গতকাল বুধবার এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান মুহাম্মদ ইউনূস। জাতীয় সংসদে গত মঙ্গলবার আইনটি পাস হয়। তিনি বলেন, ‘আমি অত্যন্ত দুঃখিত যে কিছু অপরিণামদর্শী মানুষের বিবেচনা-হীনতার কারণে জাতির একটা পরম গৌরবের প্রতিষ্ঠানকে এই পরিণতির দিকে ঠেলে দেওয়ার মর্মান্তিক ঘটনাটি প্রত্যক্ষ করতে হলো।’
গ্রামীণ ব্যাংকের এ প্রতিষ্ঠাতা বলেন, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল গরিব মহিলাদের মালিকানায় এবং তাদের ব্যবস্থাপনায় একটি স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে। এই আইনে গ্রামীণ ব্যাংকে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ রাখা হয়নি। সে কারণে গ্রামীণ ব্যাংক জাতিকে আন্তর্জাতিক সম্মানের সুউচ্চ শিখরে নিয়ে যেতে পেরেছিল। তাঁর অভিযোগ, আইন পরিবর্তন করে সরকার এমন সব সুযোগসুবিধা করে দিয়েছে যেন গ্রামীণ ব্যাংককে শতভাগ নিজস্ব নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে। ফলে আইন সংশোধন করে গ্রামীণ ব্যাংকের চরিত্রের মৌলিক পরিবর্তন ঘটানো হলো।
মুহাম্মদ ইউনূস বলেন, ‘জাতি হিসেবে এখন আমাদের দৃঢ় সংকল্প নিতে হবে যাতে গ্রামীণ ব্যাংকে কোনো অনিষ্ট হওয়ার আগেই দ্রুততম সময়ে এ আইনের পরিবর্তনগুলো বর্জন করে ফেলতে পারি।’ এ জন্য দেশের মানুষ, গ্রামীণ ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী এবং সব ঋণগ্রহীতা ও তাদের পরিবারের সদস্যদের এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।