
গ্রামীণ ব্যাংকে কোনো ধরনের হস্তক্ষেপ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। একই সঙ্গে দলটি জানিয়েছে, গ্রামীণ ব্যাংকের ৮৪ লাখ গ্রাহকের পাশে থাকবে তারা। বিএনপি ক্ষমতায় গেলে গ্রামীণ ব্যাংককে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ইউনূস সেন্টারে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। সেখানে তিনি গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে এসব কথা বলেন।
সাক্ষাৎ প্রসঙ্গে ইউনূস সেন্টার থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত হওয়ায় বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাতে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ও সাবিহ উদ্দিন আহমেদ। ড. ইউনূসও তাঁদের ধন্যবাদ জানান।
সাক্ষাত্ প্রসঙ্গে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড পাওয়ায় এর আগে ড. ইউনূসকে অভিনন্দনপত্র দিয়ে সম্মাননা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এবার দলের ভারপ্রাপ্ত মহাসচিবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হলো।
মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘এই সাক্ষাতে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। কারণ, তিনি (ড. ইউনূস) রাজনীতি করেন না। তাই এই আলোচনা করাও সমীচীন নয়।’
সাক্ষাতের সময় ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের প্রতি বিএনপির সমর্থনের কথা জানিয়েছেন মির্জা ফখরুল।