গ্রামীণ ব্যাংক বিভক্তিকরণের সুপারিশকে ‘সরকারের চক্রান্ত’ বলে অভিহিত করেছে বিএনপি। ব্যাংকটি ভেঙে দেওয়ার মতো কাজ থেকে সরে আসার জন্য ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়ে দলটি বলেছে, তারা সব সময় গ্রামীণ ব্যাংকের পাশে ছিল ও থাকবে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘সরকারকে বলব, দাম্ভিকতা পরিহার করে বাস্তবতা বুঝে চক্রান্তের পথ থেকে সরে আসুন। গ্রামীণ ব্যাংককে তার মতো করে চলতে দিন।’এর আগে সকাল নয়টার দিকে মির্জা ফখরুল ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ মিরপুরে ইউনূস সেন্টারে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে মির্জা আলমগীর সাংবাদিকদের বলেন, গ্রামীণ ব্যাংক কমিশন এ প্রতিষ্ঠানকে ১৯ টুকরা করার প্রস্তাব করেছে। এটি একটি ষড়যন্ত্রমূলক চক্রান্ত বলে বিএনপি মনে করে। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক ও নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের ওপর সরকার রুষ্ট ও বিরাগভাজন হয়ে এসব করছে। সরকার ড. ইউনূসের প্রতি অন্যায় ও দুর্ব্যবহার করছে। সরকারের এসব কর্মকাণ্ডে বিএনপি উদ্বেগ ও নিন্দা জানাচ্ছে। তিনি বলেন, বিএনপি গ্রামীণ ব্যাংকের ৮৪ লাখ গ্রাহকের পাশে থাকবে। ক্ষমতায় গেলে গ্রামীণ ব্যাংককে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।এ সাক্ষাৎ প্রসঙ্গে ইউনূস সেন্টার থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত হওয়ায় ড. ইউনূসকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাতে মির্জা ফখরুল ও সাবিহ উদ্দিন আহমেদ সাক্ষাৎ করেছেন। ড. ইউনূসও তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড পাওয়ায় এর আগে ড. ইউনূসকে অভিনন্দনপত্র দিয়ে সম্মাননা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এবার দলের ভারপ্রাপ্ত মহাসচিবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হলো। তিনি বলেন, এ সাক্ষাতে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। তবে তিনি ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের প্রতি বিএনপির সমর্থনের কথা জানিয়েছেন।