গ্রামীণ ব্যাংকের বক্তব্য
গ্রামীণ ব্যাংক বিষয়ে সরকারের গঠিত পর্যালোচনা কমিটির প্রতিবেদনের বরাতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে গ্রামীণ ব্যাংক একটি বক্তব্য দিয়েছে। এতে বলা হয়, কমিটির প্রতিবেদনে গ্রামীণ ব্যাংক, এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস বা গ্রামীণ ব্যাংকে কর্মরত কারও বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম বা তহবিল তছরুপের কোনো অভিযোগ নেই জেনে আমরা আনন্দিত।প্রতিবেদনে নোরাড ফান্ড বিষয়ে কোনো অনিয়ম হয়নি, এটা প্রমাণিত হওয়ায় গ্রামীণ পরিবার সন্তোষ প্রকাশ করছে। প্রতিবেদনে সরকার পরিচালিত ক্ষুদ্রঋণ সংস্থাগুলোসহ বাংলাদেশে ক্ষুদ্রঋণ প্রদানকারী সব প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীণ ব্যাংকের সুদের হার সর্বনিম্ন বলে স্বীকৃতি দেওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়।প্রামীণ ব্যাংক বলেছে, প্রতিবেদনে এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি যে ড. ইউনূস অথবা তাঁর পরিবারের কোনো সদস্য ব্যক্তিগতভাবে আর্থিক বা অন্য কোনো উপায়ে লাভবান হয়েছেন। প্রতিবেদনে যেসব অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো প্রশাসনিক বিষয় মাত্র, যা যথাযথ প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমাধান করা সম্ভব।গ্রামীণ ব্যাংকের সার্বিক কর্মকাণ্ডে তথা ঋণ ব্যবস্থাপনা, সঞ্চয় ব্যবস্থাপনা, বিমা ব্যবস্থাপনা ও অন্যান্য ব্যবস্থাপনাসহ মাঠপর্যায়ের মূল কর্মকাণ্ড সম্বন্ধে কোনো অনিয়ম হওয়া বা অস্বচ্ছতা নিয়ে প্রতিবেদনে কোনো দোষ-ত্রুটি না পাওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়।বক্তব্যে বলা হয়, প্রতিবেদন প্রকাশ উপলক্ষে কোনো কোনো পত্রিকা নিজেদের মনগড়া কিছু ভিত্তিহীন কাহিনি প্রচার করেছে। কয়েকটি সংবাদপত্রে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর ও সম্মানহানিকর প্রচারণায় গ্রামীণ ব্যাংক উদ্বেগ প্রকাশ করেছে। এবং গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের স্বকীয়তা ও কার্যকারিতা বিনষ্ট করে এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।