গ্রামীণ ব্যাংকের শুভাকাঙ্ক্ষীদের ভোট দেওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে পাস হওয়া নতুন আইন গ্রামীণ ব্যাংককে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এর আগেই গ্রামীণ ব্যাংককে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া উচিত। এ জন্য যারাই গ্রামীণ ব্যাংককে আগের অবস্থায় ফিরিয়ে নেবে, আগামী নির্বাচনে তাদের জেতানো উচিত।

গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত পঞ্চম বৈশ্বিক সামাজিক ব্যবসা সম্মেলনের প্রথম দিনে বাংলাদেশি সাংবাদিকদের কাছে এ কথা বলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘সংসদে গ্রামীণ ব্যাংক আইন পাস করার মতো কাজ যারা করল, তাদের আমরা সমর্থন জানাতে পারি না। এর বিকল্প হলো গ্রামীণ ব্যাংকের শুভাকাঙ্ক্ষীরা জনগণকে বোঝাবেন যে, নতুন আইন পাস করা একটি বড় ভুল হয়েছে। আমাদের বলা উচিত, এই ভুল সংশোধন করা দরকার। এ জন্য যারা ভুলটি সংশোধন করবে, তাদের ভোট দেওয়া উচিত। এর কোনো বিকল্প নেই।’

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা আরও বলেন, জাতীয় সংসদে গ্রামীণ ব্যাংক আইন পাস করা অত্যন্ত দুঃখজনক। অথচ এই ব্যাংকটি দেশের জন্য এত সুনাম আনল। ব্যাংকটির মূল কাঠামো অনুযায়ী, গ্রামীণ ব্যাংকে কোনো হস্তক্ষেপ করতে পারবে না সরকার। ব্যাংকটি নিজস্ব নিয়মে চলবে। কিন্তু এমনভাবে আইন পাস করা হয়েছে, যাতে সরকার যেকোনো সময় হস্তক্ষেপ করতে পারে।

তবে ড. ইউনূস মত দেন, এতে হয়তো সঙ্গে সঙ্গে গ্রামীণ ব্যাংক থমকে পড়বে না। সরকারি হস্তক্ষেপের মাধ্যমে আঘাত করলে ক্ষতিগ্রস্ত হবে। ধীরে ধীরে প্রতিষ্ঠানটিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার নতুন গ্রামীণ ব্যাংক আইন জাতীয় সংসদে পাস হয়।