গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার দণ্ড
বরিশালে গ্রাহকদের স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক।
গতকাল সোমবার দুপুরে বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর শাখা গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক মো. দেলোয়ার হাসান এবং কর্মকর্তা মো. শাহ আলম। তাঁদের বিরুদ্ধে মামলা করেছিল বরিশাল জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আদালতের বেঞ্চ সহকারী মো. হারুন-উর-রশীদ জানান, ২০১১ সালের ১০ মার্চ থেকে ৭ জুলাই পর্যন্ত গ্রামীণ ব্যাংক রায়পাশা-কড়াপুর শাখার নয়জন গ্রাহকের সাত বছরে আমানত হিসেবে জমা রাখা ১৭ লাখ ২৫ হাজার টাকা আত্মসাৎ করেন শাখা ব্যবস্থাপক দেলোয়ার হাসান এবং কর্মকর্তা শাহ আলম। বিষয়টি ব্যাংকের বার্ষিক নিরীক্ষায় ধরা পড়লে দুজনকে সাময়িক বহিষ্কার করে ব্যাংক কর্তৃপক্ষ।