গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের ১০ বছর কারাদণ্ড
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের একটি মামলায় গ্রামীণ ব্যাংকের বরিশালের রায়পাশা কড়াপুর শাখার সাবেক ব্যবস্থাপক দেলোয়ার হাসানকে ১০ বছরের কারাদণ্ড, ১৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের জেল দিয়েছেন আদালত।
বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আসামির অনুপস্থিতিতে গতকাল বুধবার দুপুরে এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হাসান যশোরের ছাতিয়ানতলা এলাকার বাসিন্দা।
আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশীদ মামলার নথির বরাত দিয়ে জানান, ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের রায়পাশা শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করার সময় দেলোয়ার হাসান গ্রাহকের ৫ লাখ ২২ হাজার ১০৫ টাকা আত্মসাৎ করেন।
এ ঘটনায় দুদক বরিশাল আঞ্চলিক শাখার সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০১২ সালের ৩০ ডিসেম্বর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। পরে ২০১৪ সালের অক্টোবরে আদালতে অভিযোগ গঠন করা হয়। ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন বিচারক।