গ্রামীণ ব্যাংকের ৩২ কর্মীর চাকরিচ্যুতি প্রশ্নে রুল জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ৩২ জন কর্মকর্তা-কর্মচারীর স্বেচ্ছায় অবসরের নামে চাকরিচ্যুতির প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। স্বেচ্ছায় অবসরের নামে তাঁদের চাকরিচ্যুতি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার এ রুল জারি করেন। অর্থসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ নয় ব্যক্তিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিভিন্ন সময় স্বেচ্ছায় অবসরের নামে এই ৩২ জনকে চাকরিচ্যুত করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ব্যাংকটির সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা শাহজাহান মিয়া, দিলীপ চন্দ্র মণ্ডলসহ ৩২ জন আবেদনকারী ৯ অক্টোবর রিট আবেদনটি করেন। গতকাল এ আবেদনের ওপর শুনানি হয়। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।আদালতে রিট আবেদনের পক্ষে আইনজীবী এস এম জহুরুল ইসলাম ও জাফর ইমাম মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার সাজু।পরে এস এম জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এসব কর্মকর্তা-কর্মচারীকে গ্রামীণ ব্যাংক চাকরিবিধি-১৯৯৩-এর বিধি ১৩(১) ও ১৩(৫) ধারা অনুসরণে স্বেচ্ছায় অবসরের নামে চাকরিচ্যুত করা হয়েছে। এ ক্ষেত্রে তাঁদের কোনো কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়নি। এটা সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদের লঙ্ঘন। গ্রামীণ ব্যাংক চাকরি বিধিমালার ১৩(১) ও ১৫(৫) বিধি কেন সংবিধানের পরিপন্থী ঘোষণা করা হবে না, আদালত রুলে তা-ও জানতে চেয়েছেন।