গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন পুকুর হস্তান্তর করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদ শেষ হওয়ায় সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়ায় গ্রামীণ মৎস্য ফাউন্ডেশনের ইজারাধীন ৭৮০টির বেশি পুকুর প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহী মৎস্য অধিদপ্তরের একটি কমিটি পুকুরগুলোর দখল বুঝে নিয়েছে। এ ছাড়া ঢাকায় ভূমি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সভায় পুকুরগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট উপজেলাগুলোর জলমহাল কমিটিকে।মাছ চাষের জন্য ১৯৮৬ সালে পুকুরগুলো ২৫ বছরের জন্য গ্রামীণ মৎস্য ফাউন্ডেশনের কাছে ইজারা দেওয়া হয়। গতকাল ওই ইজারার মেয়াদ শেষ হয়েছে। এর আগে পুকুরগুলোর দখল বুঝে নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে রাজশাহী মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. ইসরাইল হোসেনকে প্রধান করে ১১ সদস্যের ওই কমিটি গঠন করা হয়।গ্রামীণ মৎস্য ফাউন্ডেশনের ব্যবস্থাপক আখতার হামিদ বলেন, ‘যেহেতু ইজারার মেয়াদ শেষ হয়েছে এবং তা নবায়ন করা হয়নি, তাই আমাদের নিয়ন্ত্রণে থাকা ৭৮৩টি পুকুরসহ স্থাবর-অস্থাবর সব সম্পত্তির তালিকা করে কমিটির কাছে দেওয়া হয়েছে।’দখল বুঝে নেওয়া কমিটির প্রধান রাজশাহী মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. ইসমাইল হোসেন গতকাল বলেন, ‘সন্ধ্যা পর্যন্ত যাচাই-বাছাই করে বেশির ভাগ কাগজপত্র আমরা বুঝে নিয়েছি। বাকি কাগজপত্র রাতের মধ্যেই বুঝে নেওয়া হবে। পরে মন্ত্রণালয়ের নির্দেশে এগুলো ইজারা দেওয়া হবে।’ এ বিষয়ে ঢাকায় মন্ত্রণালয়ের সভায় অংশগ্রহণকারী সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপক রঞ্জন অধিকারী জানান, সংশ্লিষ্ট উপজেলা জলমহাল কমিটিকে পুকুরগুলোর দখল বুঝে নেওয়ার পর সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়েছে।