গ্রামীণ রাস্তা ও একজনের ভয়ংকর সন্ত্রাসী হয়ে ওঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবিটা ছিল গরুর গাড়ি যাওয়ার মতো কয়েক ফুটের একটা কাঁচা রাস্তার। তা না দেওয়ায় দুই পরিবারের বিরোধ। সেই রাস্তাটা ঠিকই বেরিয়েছে। তবে ৩২ বছর আর কয়েকটি প্রাণের বিনিময়ে। আর ঘটনার যিনি প্রধান চরিত্র, তিনি ফুটবলার থেকে হয়ে উঠেছিলেন এলাকার ত্রাস।

ঘটনাটা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বকশিপুর গ্রামের। এই গ্রামের বাসিন্দা ফকির চাঁদ পেশায় ছিলেন কৃষক। তাঁর নয় সন্তানের মধ্যে পাঁচজন ছেলে। তাঁদের মধ্যে মাইদুল ইসলাম ওরফে রানা (৪৫) ছিলেন তৃতীয়। নামকরা ফুটবলার থেকে এলাকার ত্রাসে পরিণত হওয়া এই রানা গত ৩০ মে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন।

ঘটনার শুরু যেভাবে

মাইদুলের ছোট ভাই আজিজুল ইসলাম বললেন, রানা আর দশটা মানুষের মতোই সাদামাটা জীবন যাপন করতেন। কোটচাঁদপুর কলেজে পড়ালেখা করতেন আর উপজেলা ফুটবল দলে খেলতেন। কিন্তু ১৯৮৫ সালের এক ঘটনা সেই সাদামাটা মানুষটাকে চরমপন্থায় ধাবিত করে।

কী সেই ঘটনা? ওই বছরের একদিন দুপুরে আজিজুল ও তাঁর আরেক ভাই সাইদুল ইসলাম গরুর গাড়ি নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। কিন্তু পথ আটকে দেন প্রতিবেশী আবুল হোসেন মালিতার লোকজন। তখন সামান্য মারামারি হয়। সাইদুলের লাঠির আঘাতে আহত হন আবুল মালিতার ভাই ভদু মালিতা। থানায় আজিজুল ও সাইদুলের নামে মামলা হয়। কিন্তু পুলিশ সাইদুলের পরিবর্তে রানাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এখানে শুরু চরমপন্থী রানার জীবনকাহিনি।

রানা যখন কারাগারে, তখন তাঁর পরিবারের ওপর চলে প্রতিপক্ষের নির্যাতন। তারা চরমপন্থী একটি দলকে ব্যবহার করে রানাদের বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ করে দেয়। কাঁটা ও ডালপালা দিয়ে ঘিরে দেওয়া হয় বাড়িটি। মাঠের জমিগুলো অন্যের দখলে চলে যায়। জীবন বাঁচাতে রানার অন্য ভাইয়েরা এলাকা ছেড়ে পালিয়ে যান। কিছুদিন পর কারামুক্তি পেয়ে পরিবারের এই অবস্থা দেখে রানা গোপনে যোগাযোগ শুরু করেন চরমপন্থী পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির সঙ্গে।

আজিজুল ইসলাম বলেন, ১৯৯১ সালের দিকে বকশিপুর গ্রামে মতিয়ার রহমান ও আবুল হোসেন নামের দুজন খুন হন। সবার ধারণা, রানা এই খুনের পেছনে জড়িত। ১৯৯২ সালে প্রতিপক্ষ ওই খুনের বদলা হিসেবে তাঁর দুই ভাই সাইদুল ও সাইফুলকে হত্যা করে। দুই ছেলের মৃত্যু, এক ছেলে নিরুদ্দেশ—এমন অবস্থায় বাবা ফকির চাঁদ ১৯৯৫ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।

রানার আরেক ভাই অমেদুল ইসলাম বলেন, কারামুক্তির কিছুদিন পরই রানা পলাতক জীবনযাপন শুরু করেন। বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। ইতিমধ্যে তাঁদের গ্রামে আরও কয়েকজন খুন হন। এমনকি বিরোধের শুরু যে আবুল মালিতার সঙ্গে, তিনিও খুন হন। এসব খুনের দায় রানার ওপর চাপে। এমন অবস্থায় ১৯৯৯ সালে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া এলাকা থেকে রানা গ্রেপ্তার হন। ১৪ বছর কারাগারে থাকার পর চার বছর আগে মুক্তি পেয়েছিলেন। কিন্তু প্রতিপক্ষের ভয়ে তিনি পালিয়ে থাকতেন। তবে শেষরক্ষা হয়নি। গত ৭ মে যশোরের রূপদিয়া এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় দিয়ে রানাকে তুলে নিয়ে যাওয়া হয়। ৩০ মে রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন।

এখন যা অবস্থা

গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, রানার পরিবারের ওপর নির্যাতন হয়েছে, এটা সত্য। তবে রানা প্রতিশোধের নেশায় চরমপন্থী দলে নাম দিয়ে এলাকার অনেক মানুষের প্রাণ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এলাকায় সাধারণ মানুষের বসবাসও কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল।

তবে এখন সব হানাহানির শেষ হয়েছে বলে মনে করছেন গ্রামবাসী। যে রাস্তা নিয়ে হানাহানির শুরু, সেখানে ইট বিছানো রাস্তা হয়েছে। সবাই মিলেমিশে সেই রাস্তা দিয়ে চলাচল করছেন।

আবুল মালিতার ছেলে আসাদুল ইসলাম বললেন, ‘পেছনের কথা বলে আর লাভ নেই, ভাই। এখন আমরা মিলেমিশে আছি। বাবা খুন হয়েছেন, সবকিছুর সঙ্গে সেটাও আমরা ভুলে গেছি।’