গ্রামীণ সড়কে ইজিবাইক চলাচলে পুলিশি বাধা
ঢাকার ধামরাইয়ের বিভিন্ন গ্রামীণ সড়কে পাঁচ দিন ধরে পুলিশ ইজিবাইক চলাচলে বাধা দিচ্ছে। তারা ইজিবাইকের ব্যাটারি খুলে নিচ্ছে এবং ইজিবাইক জব্দ করছে। এতে ইজিবাইকের চালকেরা বিপাকে পড়েছেন।
কয়েকজন ইজিবাইকের চালকের সঙ্গে কথা বলে জানা গেছে, ধামরাইয়ের বিভিন্ন গ্রামীণ সড়কে অন্তত ৫০০ ইজিবাইক চলাচল করে। পাঁচ দিন (গতকাল রোববার পর্যন্ত) ধরে পুলিশ এসব ইজিবাইক আটক করে ব্যাটারি খুলে নিয়ে যাচ্ছে। কখনো কখনো গাড়িটিও জব্দ করে থানায় নেওয়া হচ্ছে। পুলিশের কাছ থেকে ইজিবাইক ছাড়াতে ৫০০ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে। পুলিশের হয়রানির হাত থেকে বাঁচতে গত পাঁচ দিন তাঁরা অধিকাংশ ইজিবাইকই বন্ধ রেখেছেন।
টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে এসআই হাসান আলী জানান, সরকারি নির্দেশে ইজিবাইক জব্দ করা হচ্ছে। তবে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ জানান, সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, মহাসড়কে কোনো ইজিবাইক চলাচল করতে পারবে না। কিন্তু গ্রামীণ সড়কে ইজিবাইকের অবাধ চলাচল নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা পুলিশ বাধা হয়ে দাঁড়ালে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।