গ্রামীণফোন-ডেইলি স্টার বিজ্ঞান প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন ও ডেইলি স্টারের যৌথ উদ্যোগে ‘ইগ্নাইট’ বিজ্ঞান প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় চূড়ান্ত পর্ব গতকাল শুক্রবার
অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানটি আয়োজন করা হয় চট্টগ্রাম ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ মিলনায়তনে।
গতকাল সকালে জাতীয় সংগীতের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। এরপর প্রতিযোগিতার বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। এরপর শুরু অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা । পরে প্রকল্প প্রদর্শন ও রোবোটিক ক্লাবের বিভিন্ন উদ্ভাবন তুলে ধরা হয়।
বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন গ্রামীণফোনের মহাব্যবস্থাপক ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান বাকি মোহাম্মদ বিল্লাহ এবং ডেইলি স্টার-এর ব্যবস্থাপনা সম্পাদক ড. সালেহউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সজল বণিক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইস্পাহানি স্কুল ও কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম এবং চুয়েটের ইলেকট্রিকেল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আনুভা চৌধুরী।
সমাপনী পর্বে জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের ভিডিও বক্তব্য দেখানো হয়। এতে তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানকে ভালোবাসতে এবং বিজ্ঞানচর্চায় নিয়োজিত হওয়ার পরামর্শ দেন। এর মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
প্রতিযোগিতায় তিনটি বিভাগে বিভিন্ন বিজ্ঞান প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে চট্টগ্রাম নগর ও আশপাশের ২৪টি বিদ্যালয়ের প্রায় ৪০০ জন শিক্ষার্থী। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ডিসকভারি সায়েন্স, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইমাজিন দি ফিউচার এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা হয় আইডিয়া ফ্লাইট বিভাগ।
ডিসকভার সায়েন্স বিভাগ থেকে প্রথম হয়েছে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অর্ণব চৌধুরী। ইমাজিন দি ফিউচার বিভাগে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের অন্তু দত্ত ও রোহিত আরমান যুগ্মভাবে প্রথম হয়েছে। আইডিয়া ফ্লাইট বিভাগে প্রথম হয়েছে যৌথভাবে বিএন স্কুল ও কলেজের আশরাফ মাহমুদ এবং কাপাসঘোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের ফারহানা আহমেদ, সানজিদা সুলতানা ও সারাহ তনিমা।