গ্রামীণফোনের কার্যক্রমে গুরুত্ব পাচ্ছে সৌরবিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের মোট বেস স্টেশনের ৩০ শতাংশ আগামী বছরের মধ্যে সৌরবিদ্যুতের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে দেশের সর্ববৃহৎ মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম নগরের একটি হোটেলে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান গ্রামীণফোনের কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের মহাব্যবস্থাপক (হেড অব রিজিওনাল অপারেশন) সঞ্জয় দাশ গুপ্ত, উপপরিচালক (এক্সটারনাল কমিউনিকেশন্স ম্যানেজিং ডিরেক্টর ডিভিশন) সৈয়দ তালাত কামাল, চট্টগ্রাম-কুমিল্লা অঞ্চলের রেডিও প্ল্যানিং মুহাইমিন ভূঁইয়া প্রমুখ।
সঞ্জয় দাশ গুপ্ত বলেন, গ্রিন কোম্পানি হিসেবে গ্রামীণফোনের প্রতিটি কার্যক্রম প্রকৃতিবান্ধব করার সর্বোচ্চ চেষ্টা থাকে। এ জন্য বিদ্যুতের বিকল্প উৎস হিসেবে সৌরশক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহত্তর চট্টগ্রামের ১৮ শতাংশ বেস স্টেশনই সৌরশক্তি দিয়ে চলে।
সভায় গ্রামীণফোনের কর্মকর্তারা বলেন, সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রমে পরিবেশের বিষয়টি প্রাধান্য পাচ্ছে।
কর্মকর্তারা জানান, গ্রামীণফোনের পুরোনো যন্ত্রপাতিগুলো খুলে ফেলার পর যাতে পরিবেশদূষণ না হয় সে ব্যাপারে আন্তরিক কর্তৃপক্ষ। এ জন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে এসব যন্ত্রপাতি বাক্সবন্দী করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া সুপেয় পানি যাতে নষ্ট না হয় সে জন্য ঢাকার গ্রামীণফোন সেন্টারে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা রয়েছে।
গ্রামীণফোনের কর্মকর্তা সৈয়দ তালাত কামাল জানান, পরিবেশবান্ধব কার্যক্রমের জন্য গ্রামীণফোন ২০১৪ সালে দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ পুরস্কার ‘দ্য গ্রিন মোবাইল অ্যাওয়ার্ড’ পেয়েছে। তিনি জানান, গ্রামীণফোন পরিচালিত ১০টি অনলাইন স্কুল জনপ্রিয়তা পেয়েছে। এসব স্কুলে প্রায় সাত শ শিক্ষার্থী পড়াশোনা করছে।