গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি নিখোঁজ!
ফরিদপুরে ইবনুল হাসান (২৬) নামে গ্রামীণফোনের এক বিক্রয় প্রতিনিধি নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে গ্রামীণফোন কর্তৃপক্ষ দাবি করেছে, টাকা আত্মসাতের জন্য তিনি আত্মগোপনে আছেন। আর পুলিশ বলছে, ঘটনা সাজানোও হতে পারে।
ইবনুল হাসান ফরিদপুর শহরের গোপালপুর এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের ছেলে।
ইবনুলের ভাই ইনামুল হাসান প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইবনুল চরভদ্রাসন উপজেলাসহ পথের বিভিন্ন দোকান থেকে গ্রামীণফোনের টাকা তুলে মোটরসাইকেলে করে শহরে ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইবনুলের সঙ্গে বাড়ির লোকদের কথা হয়। এরপর থেকে তাঁর কোনো খবর পাওয়া যায়নি। গতকাল শুক্রবার সকালে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের খালেকের বাজার এলাকা হতে ইবনুলের হাতে থাকা টাকা রাখার ব্যাগ শূন্য অবস্থায় উদ্ধার করা হয়। এ ছাড়া গতকাল দুপুরে ইবনুলের ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় কাওড়াকান্দি ঘাটসংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। ইবনুলের নিখোঁজ হওয়ার ব্যাপারে বৃহস্পতিবার রাতেই ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ফরিদপুরের গ্রামীণফোনের পরিবেশক মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ইবনুলের কাছে গ্রামীণফোনের বিভিন্ন গ্রাহকের প্রায় সাত লাখ টাকা ছিল। এ টাকা আত্মসাতের জন্য তিনি আত্মগোপনে থেকে নিখোঁজ হওয়ার নাটক সাজিয়েছেন। এ ব্যাপারে গ্রামীণফোনের পক্ষ থেকে ইবনুলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন বলেন গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, টাকা আত্মসাতের জন্য তিনি আত্মগোপন করেছেন। তা ছাড়া নিখোঁজ ওই ব্যক্তির টাকার ব্যাগ এবং মোটরসাইকেল উদ্ধারের ঘটনাও জানানো হয়েছে তাঁর পরিবারের পক্ষ থেকে। বিষয়টি একটু সন্দেহজনক। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করছে।