গ্রামীণফোনের সিমের দাম বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন সিম কার্ডের দাম বাড়িয়েছে। এখন থেকে সব প্রিপেইড সিমের দাম হবে ২০০ টাকা (পূর্বমূল্য ১৮৮ টাকা) এ ছাড়া সিম পরিবর্তনের জন্য গ্রাহকদের ১২৫ টাকা দিতে হবে (পূর্বমূল্য ৭৫ টাকা)। গতকাল বৃধবার গ্রামীণফোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়৷ কর্তৃপক্ষ বলছে, ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিম পরিবর্তনের ওপর কর নির্ধারণের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যবসায়িক বাস্তবতার কারণে এই দাম বৃদ্ধি করা হয়েছে৷ কারণ সিম পরিবর্তনের ওপর প্রস্তাবিত ১০০ টাকা কর ইতিমধ্যেই বিপুল করভারের ওপর আরও চাপ সৃষ্টি করবে। যদিও বাংলাদেশের মোবাইল শিল্প বিশ্বের নিম্নতম কল রেট প্রদান করছে, কিন্তু মোবাইল অপারেটররা তাঁদের প্রতি ১০০ টাকা আয়ের ৫৫ টাকাই সরকারের হাতে তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানটি মনে করে, বিদ্যমান ৩০০ টাকা সিম কর প্রত্যাহার না করে সিম পরিবর্তনের ওপর নতুন কর আরোপ দেশে মোবাইল ফোনের বিস্তারকে এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন বাধাগ্রন্ত করবে। বিজ্ঞপ্তি৷