গ্রামীণফোন ও টেলিনর হেলথের ডিজিটাল স্বাস্থ্যসেবা 'টনিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গ্রাহকদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা ‘টনিক’ চালু করেছে গ্রামীণফোন ও টেলিনর হেলথ। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং টেলিনর হেলথের সহযোগীদের উপস্থিতিতে নতুন এই স্বাস্থ্যসেবা উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ‘টনিক’ সদস্যরা চার ধরনের স্বাস্থ্যসেবা পাবেন। ‘টনিক জীবন’ সদস্যরা এসএমএস, ওয়েব ও ফেসবুকের মাধ্যমে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ধরনের টিপস ও তথ্য পাবেন। ‘টনিক ডাক্তার’ সদস্যরা সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা একটি নির্দিষ্ট নম্বরে ৭৮৯ ফোন করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন। এ ছাড়া দেশের ৫০টি হাসপাতালে চিকিৎসার খরচে ছাড় পাবেন ‘টনিক ডিসকাউন্ট’ সদস্যরা। আর ‘টনিক ক্যাশ’ সদস্যরা তিন রাত হাসপাতালে থাকলে তাদের বিল থেকে ৫০০ টাকা পরিশোধ করা হবে।
টেলিনরের এই বিশেষ স্বাস্থ্যসেবার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর, টেলিনর ও বিটিআরসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বাংলাদেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নেওয়ার জন্য টেলিনরের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, গ্রামীণফোনের সহায়তায় টেলিনরের এই উদ্যোগ এসডিজি অর্জনে বাংলাদেশকে সহায়তা করবে।
অনুষ্ঠানে টেলিনর গ্রুপের ইভিপি ও প্রধান বিপণন কর্মকর্তা বিবেক সুদ বলেন, বাংলাদেশ ও এশিয়ার দেশগুলোর প্রতি টেলিনরের দায়বদ্ধতার একটি উদাহরণ হচ্ছে ‘টনিক’। এ ধরনের স্বাস্থ্য উদ্যোগ তাঁরা বাংলাদেশেই প্রথম নিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম এ ধরনের ডিজিটাল স্বাস্থ্য উদ্যোগ বাংলাদেশে নেওয়ার জন্য টেলিনর কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে জানানো হয়, এই কর্মসূচি সাজাতে বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসকদের একটি উপদেষ্টা প্যানেলের সহায়তা নেওয়া হয়েছে। এঁদের মধ্যে আছেন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মালেক, জাতীয় অধ্যাপক এম আর খান ও অধ্যাপক আজাদ খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে টেলিনর হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা সাজেদ রহমান বক্তব্য দেন।