গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কারআজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ আবার সেই বিকেল। যে বিকেলটির জন্য অধীর প্রতীক্ষায় থাকে বাংলাদেশের পুরো ক্রীড়াঙ্গন। অপেক্ষা করে তাবত ক্রীড়াপ্রেমী মানুষ। সবার কৌতূহলের কেন্দ্রে থাকে—কে বা কারা হচ্ছেন বর্ষসেরা।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বর্ষসেরাদের সম্মান জানানোর, অভিনন্দিত করার সেই বিকেল আজ। হোটেল রূপসী বাংলার উইন্টার গার্ডেনে বসবে গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০১২।

পুরস্কার পান অল্প কজন। এবারও যেমন পাঁচটি বিভাগে সাতজনের হাতে উঠবে পুরস্কার। তাঁদের ওপরই আলোটা থাকবে বেশি। তবে শুরু থেকেই এই অনুষ্ঠান শুধু বর্ষসেরাদের

সংবর্ধিত করার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এর ব্যাপ্তি ছড়িয়ে গেছে আরও দূরে। এই পুরস্কার হয়ে উঠেছে বাংলাদেশের সব খেলার বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকের এক মিলনমেলায়। এই অনুষ্ঠানের সৌজন্যে বহু দিন পর সতীর্থ-বন্ধুর সঙ্গে দেখা হয় অনেকের। বিনিময় হয় আবেগ। তৈরি হয় আবেগঘন সব দৃশ্যের। একসঙ্গে এক ছাদের নিচে বাংলাদেশের পুরো ক্রীড়াঙ্গনকে এভাবে খুব একটা পাওয়া যায় না। বাংলাদেশের সবচেয়ে নামী, তারকাখ্যাতিতে ঝলমলে ক্রিকেটার বা ফুটবলারটি যেমন এখানে দর্শকসারিতে বসে থাকেন, তেমনি তাঁর অনতিদূরে বসে থাকেন প্রচারের আলো থেকে দূরে থাকা একজন তুলনামূলক কম জনপ্রিয় খেলার ক্রীড়াবিদও।

এবারও একজন বর্ষীয়ান সাবেক ক্রীড়াবিদকে আজীবন সম্মাননা জানিয়ে শুরু হবে অনুষ্ঠান। এরপর একে একে পুরস্কৃত হবেন বর্ষসেরা নারী ক্রীড়াবিদ, বর্ষসেরা উদীয়মান, বর্ষসেরা দুই রানারআপ এবং সবচেয়ে আকর্ষণীয় বর্ষসেরা ক্রীড়াবিদ। প্রতিবছরের মতো এবারও বিজ্ঞ বিচারকেরা নির্বাচিত করেছেন এই বর্ষসেরাদের। গত বছর থেকে আরও একটি বিভাগ যুক্ত করা হয় এই পুরস্কারে। বলা হয়, দর্শক-পাঠকই সবচেয়ে বড় বোদ্ধা। গতবারের মতো এবারও এসএমএস ও কুপনের ভোটের মাধ্যমে পাঠকেরাও বেছে নিয়েছেন তাঁদের বর্ষসেরা। এই অনুষ্ঠান সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত না হলেও ‘পাঠকের ভোটে বর্ষসেরা’ বিভাগে অংশ নেওয়া ভাগ্যবান ৬০ জন পাঠক প্রিয় তারকার পাশে বসে দেখতে পারবেন এই অনুষ্ঠান। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানটিকে আরও বর্ণিল করে তোলার চেষ্টা করা হয়েছে। থাকবে লালগালিচা মঞ্চ। থাকবে বেশ কিছু চমক। অনুষ্ঠানটি সরাসরি দেখাবে টেলিভিশন চ্যানেল নাইন।

কার কার হাতে পুরস্কার উঠছে, এ নিয়ে প্রতিবারই চরম গোপনীয়তা মেনে চলা হয়। এতে কৌতূহলের পারদ আরও চড়ে। এবারও ব্যতিক্রম নয়। অনুষ্ঠানের দোরগোড়ায় দাঁড়িয়ে অনেকেরই যেন তর সইছে না। তবে মাত্রই তো আর কয়েক ঘণ্টা...। া