কর্মী অসন্তোষের কারণে গতকাল রোববার গ্রামীণফোনের প্রধান কার্যালয় বন্ধ ছিল। ছাঁটাই ও কার্যালয়ে প্রবেশাধিকার বন্ধের প্রতিবাদে কর্মীদের আন্দোলনের মুখে কার্যালয়টি বন্ধ রাখা হয়।দুপুরে বিক্ষোভরত কর্মীদের সঙ্গে গ্রামীণফোন কর্তৃপক্ষ বৈঠকে বসে। বৈঠকে কর্মীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত সময় নিয়েছে কর্তৃপক্ষ। তবে গ্রামীণফোন বলেছে, সব নীতিমালা অনুসরণ করেই ব্যবসা পুনর্বিন্যাস করছে তারা।প্রত্যক্ষদর্শীরা জানান, ছাঁটাইয়ের কারণে গ্রামীণফোনের বিক্ষুব্ধ কর্মীরা গতকাল সকাল সাড়ে সাতটা থেকে বসুন্ধরা বারিধারায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। ছাঁটাই-প্রক্রিয়া বন্ধসহ ছয় দফা দাবিতে তাঁরা সেখানে মানববন্ধন করেন। গতকাল নতুন করে ৪৮ জন কর্মীর প্রবেশাধিকার বন্ধ হয়ে যাওয়ায় তাঁরাও মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন একপর্যায়ে বিক্ষোভে রূপ নেয়। বিক্ষুব্ধ কর্মীরা মিছিল-সমাবেশের মাধ্যমে তাঁদের দাবি তুলে ধরেন।এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির প্রথম আলোকে বলেন, ‘গ্রামীণফোন কর্তৃপক্ষ অনৈতিক ও অস্বচ্ছভাবে কিছুই করছে না। ছাঁটাইকৃত কর্মীরা চাকরিবিধি অনুযায়ী সব সুবিধা পাচ্ছেন। অনেক ক্ষেত্রে বেশি সুবিধাও পাচ্ছেন। কর্মীদের সঙ্গে আমরা আলোচনা করছি। শিগগিরই সমস্যার সমাধান হবে।’বিতরণ ও খুচরা বিক্রয় বিভাগের ৪৮ জন কর্মীকে মৌখিকভাবে চাকরিচ্যুত করার বিষয়ে গ্রামীণফোনের এই কর্মকর্তা বলেন, নিয়ম অনুযায়ী এসব কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়। কারণ, তাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। নোটিশের পর থেকে তাঁরা ছুটিতে ছিলেন জানিয়ে মনিরুল আরও বলেন, ‘আজ (রোববার) সকালে তাঁরা অফিসে প্রবেশ করতে না পেরে অন্য কর্মীদের অফিসে প্রবেশে বাধা দেন।’সাধারণ কর্মীদের অভিযোগ, কখনোই উচ্চপদস্থ ব্যক্তিদের ছাঁটাই করা হয় না। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মনিরুল সাংবাদিকদের বলেন, নিম্নপদস্থ থেকে শুরু করে উচ্চপদস্থ—সবাইকে ‘রিফর্ম প্রসেস’ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। গত কয়েক বছরে উচ্চপদস্থ অনেক কর্মকর্তাকেও এসব প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে।গ্রামীণফোনের কোনো এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আছে কি না—জানতে চাইলে মনিরুল কবির বলেন, ‘এ-সংক্রান্ত একটি ই-মেইল আজ সকালে আমরা পেয়েছি। মূল প্রতিষ্ঠান টেলিনরের আইন অনুযায়ী এ ধরনের অ্যাসোসিয়েশন করার বিধান রয়েছে। তবে সেটা অবশ্যই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে করতে হবে।’বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ কর্মীরা ‘অনৈতিক ছাঁটাই’-প্রক্রিয়া বন্ধসহ ছয় দফা দাবি জানান। অন্য দাবির মধ্যে রয়েছে, ন্যায্য ও যৌক্তিক হারে বার্ষিক ইনক্রিমেন্ট ঘোষণা, চাকরিচ্যুত কর্মীদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে, কর্তৃপক্ষের সব বেআইনি কার্যক্রমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে হবে ইত্যাদি।দুপুর আড়াইটার দিকে বসুন্ধরায় জিপি হাউস মিলনায়তনে গ্রামীণফোন কর্তৃপক্ষের সঙ্গে বিক্ষোভরত প্রায় ২০০ কর্মচারীর বৈঠক হয়। বৈঠকে সম্প্রতি ছাঁটাই হওয়া ৪৮ জন কর্মীর কার্যালয়ে প্রবেশাধিকারের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।গ্রামীণফোনের ব্যাখ্যা: গ্রামীণফোন নিজের ব্যবসায় প্রতিযোগিতা সক্ষম থাকা এবং বিপুলসংখ্যক গ্রাহককে আরও দক্ষতার সঙ্গে সেবা দিতে ব্যবসা পুনর্বিন্যাস করছে। এ প্রক্রিয়া চলাকালে কোম্পানির বিভিন্ন শাখা একীভূত করা হয়েছে। কিছু নতুন পদের সৃষ্টি হয়েছে। দুঃখজনক যে, পুনর্গঠিত সংগঠনে সব কর্মীর জন্য পদ না থাকায় কিছুসংখ্যক কর্মীকে বিদায় নিতে হচ্ছে।ব্যাখ্যায় বলা হয়, স্থানীয় আইন, কর্মীদের সঙ্গে সম্পাদিত নিয়োগ চুক্তি এবং কোম্পানির আচরণবিধি অনুসরণ করে কর্মীদের বিদায় জানানোর প্রক্রিয়া চলছে। রোববার সকালে কর্মীদের ছোট একটি দল কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। তাঁরা অন্য কর্মীদের ভেতরে প্রবেশ করতে বাধা দেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রামীণফোন কর্তৃপক্ষ কর্মীদের কোম্পানির গাড়ি ব্যবহার করে বাসায় চলে যেতে বলে। সম্ভব হলে সেখান থেকে কাজ করতে অনুরোধ জানায়।