গ্রামীণফোনের উদ্যোগে মুক্তিযুদ্ধের ওপর দুটি কমিক বই প্রকাশিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের ওপর রচিত বীরযোদ্ধা ইমান আলী ও মুক্তিযোদ্ধা মাঝি আব্বাস নামের দুটি কমিক বই প্রকাশিত হয়েছে। গতকাল সোমবার রাজধানীর গুলশানের একটি স্থানীয় হোটেলে মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের উদ্যোগে এ দুটি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। গ্রামীণফোনের কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা মাহমুদ হোসেন ও সেন্টার ফর বাংলাদেশ লিবারেশন ওয়ার স্টাডিজের চেয়ারম্যান ও প্রধান গবেষক মেজর (অব.) কামরুল হাসান ভুঁইয়া বই দুটির মোড়ক উন্মোচন করেন। গ্রামীণফোন ও সেন্টার ফর বাংলাদেশ লিবারেশন ওয়ার স্টাডিজের যৌথ সিরিজ প্রকাশনার ক্ষেত্রে এটি পঞ্চম ও ষষ্ঠ বই। মাহমুদ হোসেন জানান, যৌথ প্রযোজনার আওতায় মুক্তিযুদ্ধের ওপর লিখিত ছয়টি কমিক বইয়ের প্রকাশনা ও বিতরণে পৃষ্ঠপোষকতা করছে গ্রামীণফোন। চতুর্থ থেকে অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্কুল শিক্ষার্থীদের মধ্যে এই বইগুলো বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে। চলতি বছর বই দুটো খুলনা ও বরিশাল বিভাগের শিশুদের মধ্যে বিতরণ করা হবে। এর আগে ২০০৮ সালে ঢাকা বিভাগ, ২০০৯ সালে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগে বিতরণ করা হয়েছিল। অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান বলেন, বাংলাদেশের অধিকাংশ স্কুলে বিশুদ্ধ পানির সরবরাহ নেই। ফলে বছরের বেশির ভাগ সময় বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে হাজার হাজার শিশু। তিনি জানান, ওইসব অসহায় শিশুর জন্য একটি বিশুদ্ধ পানি সরবরাহের প্রকল্প শুরু করেছিলেন। কিন্তু অর্থের অভাবে প্রকল্পটি মুখ থুবড়ে পড়ছে। ‘শ্রেষ্ঠ পানি’ নামে এই প্রকল্পটি চালু করার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসতে তিনি অনুরোধ জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহবুবুল আলম (বীর প্রতীক), মাহবুব এলাহী (বীর প্রতীক) ও রাজধানীর বিভিন্ন স্কুলের শতাধিক শিশু শিক্ষার্থী।