শীর্ষস্থানীয় বেসরকারি মুঠোফোন কোম্পানি গ্রামীণফোনের (জিপি) কার্যক্রম পরিচালনায় বাধা না দেওয়া-সংক্রান্ত চেম্বার বিচারপতির আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রতিষ্ঠানটির লাইসেন্সের মেয়াদ ১০ নভেম্বর শেষ হয়েছে এবং তা নবায়নের জন্য প্রথম কিস্তির অর্থ জমা দেওয়া হয়েছে।গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। আদালত ২০০৮ সালে কেনা তরঙ্গের বিপরীতে গ্রামীণফোনের কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) অতিরিক্ত অর্থ দাবির বিষয়ে হাইকোর্টে রুল ১৪ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিটিআরসির করা লিভ টু আপিল নিষ্পত্তি করে এই আদেশ দেওয়া হয়। এর আগে গ্রামীণের পক্ষে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ অক্টোবর হাইকোর্ট রুল জারির পাশাপাশি স্থগিতাদেশ দেন।এর বিরুদ্ধে বিটিআরসি চেম্বার বিচারপতির আদালতে ৩১ অক্টোবর আবেদন করে। শুনানি নিয়ে ৩ নভেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি গ্রামীণের কার্যক্রম পরিচালনায় বাধা না দিতে বিটিআরসিকে নির্দেশ দেন। একই সঙ্গে তর্কিত স্পেকট্রাম ফি ও ভ্যাট ইস্যুতে স্থিতাবস্থা বজায় রাখতে উভয় পক্ষকে নির্দেশ দেওয়া হয়। বলা হয়, আদালতেই লাইসেন্স নবায়নের বিষয়টি নিষ্পত্তি হবে।এ ছাড়া বিটিআরসির করা লিভ টু আপিল (আপিল অনুমতির আবেদন) নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গতকাল এই আবেদনের ওপর শুনানি হয়।আদালতে গ্রামীণফোনের পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, আনিসুল হক, শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।বিটিআরসির পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আজমালুল হোসেন কিউসি মামলা পরিচালনা করেন। পরে এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ চেম্বার বিচারপতির আদেশ বহাল রেখে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।মেহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, চেম্বার বিচারপতির আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টে ১৪ ডিসেম্বরের মধ্যে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। ফলে হাইকোর্টে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রামীণফোনের কার্যক্রম পরিচালনায় কোনো বাধা নেই। এখন স্পেকট্রাম ফি ও লাইসেন্স নবায়নের বিষয়টি আদালতেই নিষ্পত্তি হবে।