গ্রামীণের সাত কোম্পানির কর প্রদানে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণের সাতটি কোম্পানি বার্ষিক আয়কর বিবরণীতে কর প্রদানের ক্ষেত্রে অনিয়ম করেছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর বলছে, বার্ষিক বিবরণী জমা দেওয়ার সময় আয়কর অধ্যাদেশের অনেক ধারা প্রতিপালন করেনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। প্রতিষ্ঠান সাতটি হলো গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশন, গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, গ্রামীণ কমিউনিকেশনস, গ্রামীণ শক্তি, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ ট্রাস্ট এবং গ্রামীণ কল্যাণ।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন এ তথ্য তুলে ধরেন। তবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোনো প্রশ্ন গ্রহণ করা হয়নি। শুধু লিখিত বক্তব্য পাঠ করেই সম্মেলনের সমাপ্তি টানেন এনবিআরের চেয়ারম্যান। সেগুনবাগিচার রাজস্ব ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত বুধবার ওই সাতটি প্রতিষ্ঠান যৌথ একটি বিবৃতি দিয়ে কর ফাঁকির তথ্য সঠিক নয় বলেছিল। এর জবাবেই সংবাদ সম্মেলনের আয়োজন করে এনবিআর।

সংবাদ সম্মেলনের শুরুতে অবশ্য এনবিআরের চেয়ারম্যান প্রতিষ্ঠানগুলোর আয়করের বিস্তারিত তথ্য না দেওয়া প্রসঙ্গে বলেন, ‘আয়কর অধ্যাদেশের ১৬৩ ধারা অনুযায়ী কোনো করদাতার তথ্য জনসমক্ষে উপস্থাপন করা যায় না। এমনকি পাবলিক ডোমেইনে প্রকাশ করা যায় না।’ তাই গ্রামীণের সাতটি প্রতিষ্ঠান কত কর দিয়েছে, আয়-ব্যয়ের পরিমাণ সংবাদ সম্মেলনে জানানো হবে না বলে তিনি জানান। অথচ ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংক সম্পর্কে মন্ত্রিসভায় উপস্থিত তথ্যাদিসহ সিদ্ধান্তসমূহ এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ প্রতিবেদনে ব্যক্তি করদাতা হিসেবে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রবাসী-আয়সহ বিভিন্ন তথ্য সন্নিবেশিত করা হয়েছে। কিন্তু আয়কর অধ্যাদেশ অনুযায়ী, কোনো করদাতার তথ্য গোপন রাখার বাধ্যবাধকতা এনবিআরের রয়েছে। গতকাল এনবিআরের একাধিক সদস্য প্রথম আলোকে জানান, এভাবে ওয়েবসাইটে করদাতার তথ্য প্রকাশ করা সঠিক হয়নি।

লিখিত বক্তব্যে গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশন সম্পর্কে বলা হয়েছে, এ প্রতিষ্ঠান বিভিন্ন করবর্ষে দাখিলকৃত রিটার্নে আয়ের উৎস হিসেবে মৎস্য, কৃষি, পশুসম্পদ খাত ও ব্যাংক সুদকে দেখিয়েছে। মৎস্য ও পশুসম্পদ খাতের আয় শর্ত সাপেক্ষে করমুক্ত হলেও কৃষি খাত ও ব্যাংক সুদ আয়ের ওপর কর প্রযোজ্য হলে করদাতা তা প্রদান করেনি। এ ছাড়া করদাতা নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত ১০ শতাংশ সরকারি বন্ডে বিনিয়োগের বাধ্যবাধকতা পরিপালন করেনি।

গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট সম্পর্কে বলা হয়েছে, শেয়ার ক্রয়-বিক্রয় থেকে অর্জিত মুনাফা প্রতিষ্ঠানটি করমুক্ত দাবি করলেও নিয়মিত শেয়ার ট্রেডিং ব্যবসা থেকে অর্জিত মুনাফার ওপর আয়কর প্রদান করেনি।

গ্রামীণ শক্তি সৌরশক্তি, বায়োল্যান্ড ইত্যাদি উৎপাদনের প্রযুক্তি বিক্রি ও অন্য উৎস থেকে আয় করে থাকে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি (ইডকল) নামের প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত বিপুল পরিমাণ অনুদানের অর্থকে প্রতিষ্ঠানটি ক্যাপিটাল ফান্ড বা মূলধনী তহবিল হিসেবে প্রদর্শন করেছে।

গ্রামীণ উদ্যোগ নামের প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই ব্যাখ্যা দেওয়া হয়েছে। এনবিআর বলছে, ব্যবসা-বাণিজ্য ও শিল্পের প্রসারের মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়নের উদ্দেশ্যে গঠিত হলেও প্রতিষ্ঠানটি গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফান্ড থেকে প্রাপ্ত অনুদান দিয়ে মূলধন গঠন করেছে। কিন্তু প্রতিষ্ঠানটি কাপড় তৈরি ও বিক্রয় ব্যবসায় নিয়োজিত রয়েছে, যা ধর্মীয় ও দাতব্য উদ্দেশ্যে গঠিত নয়। কেবল ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানই আয়কর সুবিধা পেয়ে থাকে।

ক্ষুদ্রঋণের মাধ্যমে সুদ আয় অর্জনই গ্রামীণ ট্রাস্টের মূল কাজ বলে দাবি করেছে এনবিআর। তাই কোম্পানির ব্যাংক সুদ ও লভ্যাংশ আয় করযোগ্য হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানটি এই আয়কে করমুক্ত আয় হিসেবে দাবি করে কোনো আয়কর প্রদান করেনি বলে জানিয়েছে এনবিআর।

গ্রামীণ কল্যাণ সম্পর্কে এনবিআরের দাবি, প্রতিষ্ঠানটি গ্রামীণ কৃষি ফাউন্ডেশনকে সুদ ছাড়া বিপুল পরিমাণ অর্থ ‘রিকভারেবল ফান্ড’ হিসেবে প্রদান করেছে। অথচ প্রতিষ্ঠানটি অন্য প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ হিসেবে গ্রহণ করেছে এবং এর বিপরীতে সুদ খরচ হিসেবে দাবি করেছে।

গ্রামীণ কমিউনিকেশনস সম্পর্কে এনবিআরের বক্তব্য হলো, প্রতিষ্ঠানটি প্রতিবছর ‘একাউন্টস রিসিভেবলস’ হিসেবে সম্পদ থেকে কু-ঋণ সঞ্চিতিবাবদ বিপুল পরিমাণ অর্থ বাদ দিয়ে অবশিষ্ট অংশ প্রতিষ্ঠানের স্থিতিপত্রে সম্পদ দেখিয়ে সমপরিমাণ মুনাফা কম দেখিয়েছে।

এদিকে, গ্রামীণ ব্যাংক ও সংশ্লিষ্ট সাতটি প্রতিষ্ঠানের কাছে আয়কর-সংক্রান্ত অনিয়মের অভিযোগের কারণ দর্শাও নোটিশের বিষয়বস্তু নিয়ে গতকাল এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে কারণ দর্শাও নোটিশ শিগগিরই দেওয়া হবে।