গ্রামে আরও দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামাঞ্চলে আরও দ্রুত বিদ্যুতের সংযোগ দেওয়ার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) কর্মকর্তা-কর্মচারীদের তাগিদ দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গত শনিবার অনুষ্ঠিত বিআরইবির মহাব্যবস্থাপকদের বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তৃতায় প্রতিমন্ত্রী এই তাগিদ দেন।
বিআরইবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, আবাসিক সংযোগ এক দিনের মধ্যে এবং শিল্প সংযোগ ২৮ দিনের মধ্যে দিতে হবে। সংযোগের জন্য নানা রকম কাগজপত্র চেয়ে গ্রাহক হয়রানি বন্ধ করতে হবে। প্রয়োজনে গ্রাহকের মালিকানা দলিলের পরিবর্তে জাতীয় পরিচয়পত্র দেখেও সংযোগ দেওয়া যাবে।
সংস্থার সূত্রে জানা যায়, বিআরইবি বর্তমানে প্রতিদিন গড়ে ১২ হাজারেরও বেশি (প্রতি মাসে গড়ে প্রায় ৪ লাখ) নতুন গ্রাহককে বিদ্যুতের সংযোগ দিচ্ছে। এর মধ্যে কোনো কোনো মাসে ৫ লাখ পর্যন্ত সংযোগ দেওয়ার নজির রয়েছে। এখন সারা দেশে আরইবির সমিতির সংখ্যা মোট ৭৯টি। সর্বমোট গ্রাহকসংখ্যা প্রায় ১ কোটি ৭৮ লাখ, যা দেশের এই সময়ের মোট বিদ্যুৎ গ্রাহকের প্রায় ৭০ শতাংশ।
বিআরইবির সূত্র জানায়, আর ৭৫ লাখ গ্রাহককে সংযোগ দিতে পারলেই গ্রামাঞ্চলে শতভাগ সংযোগ দেওয়ার লক্ষ্য পূরণ হবে। তবে দ্রুততার সঙ্গে সংযোগ দেওয়া হলেও গ্রামের গ্রাহকেরা এখনো বিদ্যুৎ পান কমই। এখনো গ্রামাঞ্চলে অন্তত আট ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এই যে সেচ মৌসুম শুরু হয়েছে, সঙ্গে গ্রীষ্মকাল আসছে, এ সময় বিদ্যুতের চাহিদা বাড়ায় গ্রামে লোডশেডিং আরও বাড়বে।
সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন সভাপতিত্ব করেন। সম্মেলনে ২০১৬ সালের সেরা মহাব্যবস্থাপক হিসেবে মানিকগঞ্জ-১ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক ওবায়দুর রহমান এবং সেরা প্রকল্প পরিচালক হিসেবে আবদুর রহিম মল্লিকের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী। বিদ্যুৎসচিব আহমদ কায়কাউস, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন প্রমুখ বক্তব্য দেন।