ভোলা শহরে ধারণক্ষমতা থাকার পরেও গ্রামের কলেজ ও বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার কেন্দ্র করে অসদুপায় অবলম্বন করে পাস নিশ্চিত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও রাজনীতিবিদেরা এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।
ভোলার পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান বলেন, গ্রামে কেন্দ্র করা দোষের নয়। অন্যায়টা হলো এসব কেন্দ্রে স্থানীয় ব্যক্তিরা প্রভাব বিস্তার করেন। আর কেন্দ্রপ্রধান ও অধ্যক্ষ এসব প্রভাবশালী ব্যক্তিকে কেন্দ্রে অবাধে প্রভাব বিস্তারের সুযোগ দিচ্ছেন।
আগামী ৩ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এর আগে গতকাল সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা হয়। এতে বক্তারা বলেন, কয়েক বছর ধরে জেলা শহরের বাইরে গ্রামের কিছু কলেজ ও বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার কেন্দ্র করা হয়েছে। শহর থেকে ওই সব কেন্দ্রের দূরত্ব ২০-২২ কিলোমিটার। একসময় গ্রামের ছাত্ররা শহরে এসে পরীক্ষায় অংশ নিত। এখন শহর ও গ্রামের ছাত্ররা গ্রামের কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। ছাত্রদের যাতায়াত-সুবিধার জন্য এসব কেন্দ্র বসানো হলেও এতে সে সুবিধা হচ্ছে না। বরং এসব কেন্দ্রে অনৈতিক উপায়ে পাসের সুবিধা পাওয়া যাচ্ছে। কিছু কলেজ এ সুবিধা নিচ্ছে। এতে পরীক্ষার মান নিয়ে প্রশ্ন উঠছে।
ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভীন আখতার বলেন, ভোলা সরকারি কলেজে ইচ্ছা করলে জেলার সব ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারে এমন আসনব্যবস্থা রয়েছে। শহরের অন্য কলেজগুলোও কেন্দ্র হতে পারে। সেগুলো বাদ দিয়ে গ্রামে কেন্দ্র হওয়ার কোনো যৌক্তিকতা নেই।
সভায় বক্তারা বলেন, গ্রামের ওই সব কেন্দ্রে গত বছরে শতকরা ৯০ থেকে ৯৮ ভাগ পাস করেছে। এ হার বোর্ডের পাসের হারের চেয়ে অনেক বেশি। এসব কেন্দ্র থেকে জিপিএ-৫ পাওয়া ছাত্ররা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না।
জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন বলেন, এইচএসসি পরীক্ষা বিদ্যালয়ে হওয়ার সুযোগ নেই। এ বছর প্রতিটি কেন্দ্র যেন কলেজেই হয় এবং স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া হয়, সেদিকে কঠোর নজর থাকবে।