গ্রামে গ্রামে অশ্লীল নাচের আসর
‘ভাইসব! হইহই কাণ্ড, রইরই ব্যাপার। আজ রাতে দেখবেন একঝাঁক ডানাকাটা পরির নাচ। আজই আসুন নয়ন-মনকে সার্থক করুন।’ লোক টানতে গাইবান্ধার গ্রামগুলোতে এভাবেই চলছে মাইকিং। আর এই অশ্লীল নাচ-গানের আড়ালে অবাধে চলছে জুয়ার আসর।
গাইবান্ধা সদরসহ সাতটি উপজেলার ৫৬টি স্থানে প্রকাশ্যে এসব জুয়া ও অশ্লীল নাচ চললেও পুলিশের কাছে কোনো তথ্য নেই। জেলা প্রশাসকও এসব আসরের কোনো অনুমতি দেননি বলে জানিয়েছেন।
স্থানীয় লোকজন ও অনুসন্ধানে জানা গেছে, শীত মৌসুম শুরুর পর থেকেই গাইবান্ধায় এ ধরনের জুয়ার আসর চলছে। এতে সব হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে অনেক পরিবার। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা পুলিশের সহযোগিতায় এসব খেলা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গাইবান্ধা শহরের এক কলেজশিক্ষক বলেন, বেশির ভাগ আসরের আয়োজক সরকারি দলের নেতা-কর্মীরা। পুলিশও তাঁদের কাছ থেকে আর্থিক সুবিধা নিচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, সাধারণত সার্কাস ও যাত্রা চালানোর জন্য জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করতে হয়। পরে পুলিশ নিরাপত্তার সমস্যা হবে না বলে প্রতিবেদন দিলে জেলা প্রশাসন কিছু শর্তারোপ করে নির্দিষ্ট সময়ের জন্য এর অনুমতি দিয়ে থাকে। শর্তের মধ্যে রয়েছে, নির্দিষ্ট সময়ে মাইক ব্যবহার, সারা রাত আসর না চলা, অশ্লীল নাচ ও জুয়ার আসর বসানো থেকে বিরত থাকা।
সম্প্রতি পলাশবাড়ী উপজেলার ফকিরহাট বাজারের পাশে সুসজ্জিত প্যান্ডেলে এমন একটি আসর দেখতে পাওয়া যায়। ওই স্থানে ২৯ ডিসেম্বর থেকে আনন্দ মেলার নামে অশ্লীল নাচ, হাউজি ও জুয়া খেলা চলছে বলে স্থানীয় লোকজন জানান। ফকিরহাট এলাকার আবু তাহের মন্ত্রণালয়ে চাকরির প্রভাব খাটিয়ে ও পুলিশকে উৎকোচ দিয়ে আসর চালাচ্ছেন।
ওই গ্রামের ব্যবসায়ী মামুন মিয়া জানান, প্রতিদিন উপজেলার হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আবদুল আজিজকে ছয় হাজার, পলাশবাড়ী থানার ওসিকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়। বিভিন্ন দলের নেতা-কর্মী ও কয়েকজন সাংবাদিকও প্রতিদিন এই আসর থেকে টাকা পান।
ফকিরহাট গ্রামের রবিউল ইসলাম বলেন, জুয়ার টাকা জোগাড় করতে এলাকায় চুরি বেড়েছে। এক সপ্তাহে একটি মোটরসাইকেলসহ একাধিক চুরির ঘটনা ঘটেছে। গত ২১ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আবেদন করেও কোনো কাজ হয়নি।
অভিযুক্ত আবু তাহের পূর্ত মন্ত্রণালয়ের মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন। এ ব্যাপারে আবু তাহের মুঠোফোনে বলেন, ‘আমি মন্ত্রী-সচিব নই যে প্রভাব খাটিয়ে এসব চালাব। এলাকার ছেলেরা আনন্দ মেলার নামে জুয়া চালাচ্ছে। আমি কেবল সহযোগিতা করেছি।’ তবে উপপরিদর্শক আবদুল আজিজ উৎকোচ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।
সাদুল্যাপুর উপজেলার পচার বাজার এলাকায় এক সপ্তাহ ধরে আনন্দ মেলার নামে সার্কাস চলছে। সার্কাসকে সামনে রেখে আলাদা মঞ্চে চলছে হাউজি, লটারি ও নানা ধরনের জুয়া খেলা। উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের পচার বাজার গ্রামের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী সাইফুল ইসলাম এসব চালাচ্ছেন।
গ্রামের শিক্ষক নজরুল ইসলাম বলেন, সার্কাস বিনোদন দিতে পারে। কিন্তু এর দোহাই দিয়ে জুয়া খেলা চালানোর কারণে সাধারণ মানুষ বিপথগামী হচ্ছে। আয়োজক সাইফুল ইসলাম দাবি করেন, মানুষের বিনোদনের জন্য প্রশাসনের অনুমতি নিয়ে এই আয়োজন করা হয়েছে। সাঘাটা উপজেলার উল্যা সোনাতলা গ্রামের পরিত্যক্ত উত্তরা প্রেক্ষাগৃহে ২ ফেব্রুয়ারি থেকে স্থানীয় আওয়ামী লীগের কর্মী ফরিদ মিয়া, মো. চপল ও রুবেল মিয়া বিচিত্রার নামে অশ্লীল নৃত্যের আয়োজন করেছেন। এর প্রবেশ মূল্য ১০০-২০০ টাকা। পাশাপাশি চলছে ফর-ডাব্বু জুয়া খেলা।
ওই গ্রামের কৃষক সুজা মিয়া বলেন, ‘শীত আলেই হামারঘরে গায়োত গানবাজনার হিরিক পড়ে। ওমরা (আয়োজক) পুলিশোক ট্যাকা দিয়া গান চলায়, আর হামারঘরে ছোলপলের পরাশুনে নসটো হয়।’
একই গ্রামের ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, ‘বিচিত্রা দেখার জন্য সিনেমার মতো পোস্টারিং, মাইকিং ও ডিস লাইনে প্রচারণা চালানো হচ্ছে। ২ ফেব্রুয়ারি রাতে বিচিত্রা দেখতে গিয়েছিলাম। অশ্লীলতা দেখে লজ্জায় বেরিয়ে এসেছি।’
আয়োজক ফরিদ মিয়া বলেন, ‘আমি এই আয়োজনের সঙ্গে নেই। তবে এলাকার ছেলেরা চালাচ্ছে।’
গাইবান্ধার পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন বলেন, জেলায় যাত্রা-জুয়া চলছে, এমন কোনো খবর নেই। তবে পুলিশের নজরে এলে সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে।
গাইবান্ধার জেলা প্রশাসক মো. এহছানে এলাহী বলেন, জেলায় সার্কাস ও যাত্রা চালানোর কোনো অনুমতি দেওয়া হয়নি। ইতিমধ্যে দুটি যাত্রামঞ্চ ভেঙে দেওয়া হয়েছে।