গ্রামে গ্রামে চলছে চৈত্র সংক্রান্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে গ্রামে গ্রামে চলছে চৈত্রসংক্রান্তি উৎসব ও চড়কপূজা। হিন্দু সম্প্রদায়ের লোকজন নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব উদ্যাপন করছে।
এদিকে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য আজ মঙ্গলবার ঠাকুরগাঁও ও দিনাজপুরে বৈশাখী মেলাসহ নানা বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলা বছরের শেষ দিনটিকে বলা হয় চৈত্রসংক্রান্তি। শাস্ত্র অনুসারে এই দিনে স্নান, দান, ব্রত, উপবাস প্রভৃতিকে পুণ্যকর্ম বলে মনে করা হয়। তবে চৈত্রসংক্রান্তিতে সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব হলো চড়ক। এর সঙ্গে চলে মেলা। চৈত্র মাসজুড়ে উপবাস, ভিক্ষান্নভোজন পালন শেষে সংক্রান্তির দিন আয়োজন হয় চড়ক মেলা। এ মেলায় মাঠের মধ্যে ‘চড়কগাছ’ নামের লম্বা খুঁটি পোঁতা হয়। এরপর ভক্তরা পিঠে লোহার বড়শি বিদ্ধ করে চড়কে ঘোরে।
গতকাল সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার ইয়াকুবপুর গ্রামে গিয়ে দেখা গেছে, সন্ন্যাসীরা বাদ্যের তালে তালে নেচে নেচে দেবদেবীর প্রতিকৃতি (পাট) মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাঁরা যে বাড়িতে যান, সেই বাড়ির গৃহিণী পরিষ্কার পিঁড়ি বা জলচৌকি পেতে দেন। এরপর তাঁরা পিঁড়ি বা জলচৌকির ওপর পাট নামান। এই সময় গৃহস্থের মঙ্গল কামনায় নেচে নেচে বালা গান পরিবেশন করছেন একদল শিল্পী। গান পরিবেশন শেষে সন্ন্যাসীদের চাল, সবজি কিংবা টাকা উপঢৌকন দিচ্ছেন গৃহিণীরা।
সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের চড়কপূজার উদ্যোক্তা রঞ্জন রায় বলেন, ‘আমরা কয়েকজন মিলে প্রতিবছর চৈত্রসংক্রান্তি উৎসব ও এক দিনব্যাপী চড়ক মেলা আয়োজন করছি। মেলা ও পূজার খরচ জোগাতে বিভিন্ন গ্রামে দল বেঁধে চলছে উপঢৌকন আদায়। আমরা বাংলার সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে এই আয়োজন করছি।’
বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসন শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদ শোভাযাত্রা ও সাত দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলা প্রশাসন চত্বরের বটমূলে নতুন বছরের ঠিক সূর্যাস্তের সঙ্গেই গানের তালে তালে বর্ষবিদায় জানিয়ে বরণ করবে নিক্কণ সাংস্কৃতিক গোষ্ঠী।
দিনাজপুরে বৈশাখী উৎসব পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করেছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা ও উৎসব। সকাল ৮টা ৩০ মিনিটে মেলা প্রাঙ্গণ থেকে বের হবে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা। জেলার বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠন, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এতে অংশ নেবেন। সন্ধ্যা সাতটায় সপ্তাহব্যাপী মেলার উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এ ছাড়া নববর্ষকে বরণ করতে সকাল ৬টা ৩০ মিনিটে দিনাজপুর শিল্পকলা একাডেমী চত্বরে উদীচী শিল্পীগোষ্ঠী প্রভাতি অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল ৮টা ৩০ মিনিটে দিনাজপুর একাডেমী প্রাঙ্গণে নাগরিক উদ্যোগ পথশিশুদের জন্য পান্তা-ইলিশ খাওয়ার উৎসবের আয়োজন করেছে।