গ্রামে গ্রামে সাজন উৎসব
আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, তরমুজ, বাঙ্গি, লটকন, জাম্বুরা, নারকেল, আনারস, বেল, খেজুরের মতো হরেক রকমের মৌসুমি ফলে সাজানো হচ্ছে ডালা। কাঁসার কলস ভর্তি করে নেওয়া হচ্ছে গাভির দুধ। টিনভর্তি মুড়ি-মুড়কি-খই। বাদ যাচ্ছে না সন্দেশ, দইও। দুধের পায়েস নেওয়া হচ্ছে সিলভারের পাতিলে। মিষ্টিভর্তি মাটির হাঁড়ির মুখ বাঁধা হচ্ছে কলাপাতায়।অন্য ডালায় শোভা পাচ্ছে জ্যান্ত মোরগ, মাছ-মাংস, হরেক রকম তরি-তরকারি। সাজনের ডালার সঙ্গে নেওয়া হচ্ছে লেপ-কাঁথা, বালিশ, হাতপাখা ও মশারি। নতুন জামা-কাপড় নেওয়া হচ্ছে আরেক ডালায়। এভাবে রকমারি উপহারে সাজনের ডালা সাজিয়ে ভ্যানগাড়িতে করে পাঠানো হচ্ছে মেয়ে-জামাইয়ের বাড়ি।বগুড়ার কাহালু, গাবতলী, সোনাতলা, সারিয়াকান্দি ও সদর উপজেলার গ্রামজুড়ে মেয়ে-জামাইয়ের বাড়িতে সাজন পাঠানোর এমন ধুম পড়েছে। আবহমানকাল থেকে বগুড়ায় সাজন পাঠানোর এমন রীতি চলে আসছে। মধ্য জ্যৈষ্ঠ থেকে মধ্য আষাঢ় পর্যন্ত গ্রামে গ্রামে চলবে এই ‘সাজন উৎসব’। গত শুক্রবার গাবতলী সদর, নেপালতলী, নাড়ুয়ামালা, মহিষাবান ইউনিয়ন, সারিয়াকান্দির ফুলবাড়ি ও চন্দনবাইশা, সোনাতলার জোড়গাছা ও দিগদাইর ইউনিয়নের বেশ কিছু গ্রাম এবং সদর উপজেলার সাবগ্রাম, কুটিরবাড়ি, শাখারিয়া, পল্লীমঙ্গল গ্রাম ঘুরে দেখা গেছে, ঘরে ঘরে চলছে সাজন উৎসব। ধনী-গরিব সব পরিবারেই মেয়ে-জামাইয়ের বাড়ি সাধ্যমতো সাজন পাঠানো হচ্ছে। তবে সদ্য বিয়ে হয়েছে বা নতুন মেয়ে-জামাইয়ের বাড়ি সাজন পাঠাতে দেখা গেছে সবচেয়ে বেশি। সাজনের ডালায় সামর্থ্য অনুযায়ী ৫০ থেকে ১০০ রকমের সওদা শোভা পাচ্ছে। গাবতলী সদর ইউনিয়নের উঞ্চুরকী গ্রামে গত শুক্রবার বেলা ১১টায় গিয়ে দেখা গেল, সাজন পাঠানো উপলক্ষে গ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশ। এ গ্রামের আবদুল মান্নান আকন্দ অন্তত এক শ রকমের সওদা দিয়ে ডালা সাজিয়ে তিনটি ভ্যানে করে পাশের পাকুরতলা গ্রামে মেয়ে মর্জিনা আক্তারের শ্বশুরবাড়ি পাঠাচ্ছিলেন। ছেলে আরিফুর রহমান আর ছোট দুই ভাগ্নে যাচ্ছিলেন সাজন নিয়ে। মান্নান আকন্দ বলেন, ‘দু মাস আগে মেয়েকে বিয়ে দিয়েছি। জামাই খাজা মণ্ডল কুয়েতফেরত। নতুন জামাইকে খুশি করতেই এসব সাজন পাঠানো হচ্ছে।’ছোট শ্যালিকা হোসনে আরার শ্বশুরবাড়িতে দুই ভ্যানে সাজনের ডালা নিয়ে যাচ্ছিলেন উঞ্চুরকী গ্রামের শহীদুল ইসলাম। তিনি জানান, তাঁর ভায়রা ভাই দুবাইফেরত পটু মিয়া। সাজন না দিলে মুখ গোমড়া করবেন। তাই ডালাভর্তি সাজন নিয়ে যাচ্ছেন। সোনাতলার জোড়গাছা গ্রামের শাহেরা বিবি বলেন, ‘হামাগেরে বুদ্ধি হুনি (হওয়ার পর) জামাইয়ের বাড়িত সাজন দেওয়া দেকিচ্চি। সাজন না দিলে জামাই কোদ্ধ (অভিমান) করে।’ গাবতলীর আকন্দপাড়ার বাঙ্গি ব্যবসায়ী নিরেনচন্দ্র বলেন, মেয়ে-জামাইয়ের বাড়ি সাজন পাঠাতে গাবতলী ছাড়াও সোনাতলা, সারিয়াকান্দি ও সদরের লোকজন বাঙ্গি কিনতে আসে। গাবতলী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুন্নবী প্রামাণিক বলেন, শত বছর ধরে এ এলাকায় সাজন দেওয়ার রীতি চলে আসছে। মেয়ে-জামাইয়ের বাড়ি সাজন পাঠানোর মাধ্যমে এ এলাকার লোকজন গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রেখেছে। বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান প্রথম আলোকে বলেন, সাজন পাঠানোর মধ্য দিয়ে গ্রামের মানুষেরা এ অঞ্চলের কৃষ্টি-সংস্কৃতি এবং প্রথাগত ঐতিহ্য ধরে রেখেছেন। সাজনপ্রথার মাধ্যমে গ্রামের মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্ক মধুর হয় এবং বন্ধন অটুট থাকে। সাজনপ্রথা বাঙালিয়ানার ঐতিহ্যগত সাক্ষ্য বহন করে।