নোয়াখালীর সোনাইমুড়ীর চাষিরহাট ইউনিয়নের পোরকরা গ্রামে গ্রামবাসী ও হিজবুত তওহিদের কর্মীদের মধ্যকার সংঘর্ষে হতাহতের ঘটনায় মামলার পর গ্রামে গ্রেপ্তার-আতঙ্ক বিরাজ করছে। এদিকে ওই ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
গত সোমবার পোরকরা গ্রামে সংঘর্ষে হিজবুতের দুই কর্মী ও এক গ্রামবাসী নিহত হন। এ ঘটনায় ৫০ পুলিশসহ আহত হন আরও অন্তত ২০০ জন। ওই ঘটনায় করা মামলায় জামায়াত ও হেফাজতের দুই নেতাসহ কয়েক হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সোমবারের ঘটনায় থানায় ও আদালতে মামলা হওয়ার পর গ্রেপ্তার-আতঙ্কে গ্রামে পুরুষের সংখ্যা কমে গেছে। অনেকেই আত্মগোপন করেছেন। কেউ কেউ দিনে বাড়িতে থাকলেও রাতে অন্য জায়গায় ঘুমাচ্ছেন।
সূত্র জানায়, মামলার প্রধান দুই আসামি উপজেলা জামায়াতের আমির ও চাষিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হানিফ ওরফে হানিফ মোল্লা এবং উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মো. নুরুল আলমও বর্তমানে এলাকাছাড়া।
গতকাল রাতে জামায়াত নেতা মো. হানিফের মুঠোফোনে ফোন করলে একটি শিশু ফোন ধরে বলে, ‘চেয়ারম্যান সাহেব বাড়িতে নেই।’ আর হেফাজত নেতা নুরুল আলমের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম প্রথম আলোকে বলেন, মামলার কারণে পুরো গ্রামে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে গ্রামের পুরুষেরা অনেকেই এলাকাছাড়া।
এদিকে ওই সংঘর্ষের ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ প্রসঙ্গে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত চলছে। সেই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে। কিন্তু জড়িত ব্যক্তিরা আত্মগোপন করায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা গেছে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এ বিষয়েও তদন্ত চলছে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার পঞ্চম দিনের মতো পোরকরা গ্রামে পুলিশ মোতায়েন ছিল।