গ্রামে চিকিৎসক ও সেবিকাসংকট
চট্টগ্রামের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ও সেবিকার সংকট দেখা দিয়েছে। সংকটের কারণে গ্রামীণ স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। চিকিৎসক ও সেবিকাদের শহরমুিখতার কারণে এই সংকট হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা গেছে, উপজেলার ৩৫ শতাংশ চিকিৎসকের পদই শূন্য রয়েছে। ৪৫৮ চিকিৎসকের মধ্যে কর্মরত রয়েছে মাত্র ৩০১ জন। সেবিকার ২২৭টি পদের মধ্যে কর্মরত আছেন ১৬৮ জন। সেবিকার ২৬ শতাংশ পদ খালি পড়ে আছে। চট্টগ্রামের কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র ঘুরে সংকট ও চিকিৎসাসেবা বিঘ্নিত হওয়ার চিত্র দেখা গেছে।
সরেজমিনে আনোয়ারা ও পটিয়ার দেখা যায়, চিকিৎসকের অভাবে কয়েকটি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেই বললেই চলে৷ স্বাস্থ্য সহকারী কিছু ওষুধপত্র দিলেও একটু জটিলতার জন্য উপজেলা কমপ্লেক্সে ছুটতে হচ্ছে সাধারণ মানুষকে। অন্যদিকে পর্যাপ্ত চিকিৎসকের অভাবে স্বাস্থ্য কমপ্লেক্সেও সেবাদান বিঘ্নিত হচ্ছে।
চিকিৎসক ও সেবিকাসংকটের সবচেয়ে করুণ অবস্থা দ্বীপ উপজেলা সন্দ্বীপে। এখানে ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও ২০ শয্যার আরও একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে৷ এ ছাড়া ১২টি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে৷ ২৫ জন চিকিৎসকের বিপরীতে এখানে কর্মরত রয়েছেন মাত্র নয়জন৷ ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রগুলো চালায় ওখানকার স্বাস্থ্য সহকারী বা তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা। একইভাবে ১৬ সেবিকার স্থলে এখানে রয়েছেন মাত্র ছয়জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা (টিএইচএফপি) মো. ফজলুল হক বলেন, ‘চিকিৎসকসংকট রয়েছে। এই স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে সেবাদান চলছে। দ্বীপে কেউ থাকতে চান না। সবাই শহরমুখী।’
ফটিকছড়ি উপজেলায় ২০টি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এর মধ্যে চিকিৎসক রয়েছেন মাত্র চারটিতে। একটি ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২০ শয্যার বিবিরহাট হাসপাতাল এবং ২০ উপকেন্দ্র মিলে ৩৫ চিকিৎসকের মধ্যে কর্মরত আছেন ১৬ জন৷ একই উপজেলায় কর্মরত সেবিকার সংখ্যা ১৩ জন৷
ফটিকছড়ির টিএইচএফপি দেবাশীষ দত্ত বলেন, ‘আমরা ঢাল-তলোয়ারবিহীন নিদিরাম সর্দার। চিকিৎসক ও সেবিকাসংকট সব সময় রয়েছে৷ উপকেন্দ্রগুলোতে চিকিৎসকের বদলে সাকমোরা (স্বাস্থ্য সহকারী) স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন৷ বেশি সিরিয়াস রোগী হলে উপজেলায় পাঠিয়ে দেন।’
মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সাতটি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র মিলে ১৬ জন সেবিকার পদ রয়েছে। এর মধ্যে কর্মরত আছেন মাত্র ১০ জন৷ একই উপজেলায় ৩৬ জন চিকিৎসকের বিপরীতে রয়েছেন অর্ধেক৷
এ ছাড়া রাঙ্গুনিয়ায় ৩৬ জনের স্থলে ১৮ জন, বোয়ালখালীতে ৩১ জনের স্থলে ২৬ জন, পটিয়ায় ৪৪ জনের স্থলে ২৮ জন, রাউজানে ২৪ জনের স্থলে ১৬ জন, আনোয়ারায় ৩২ জনের স্থলে ২৩ জন চিকিৎসক কর্মরত। সাতকানিয়ায় ১৩টি, বাঁশখালীতে ১৪টি লোহাগাড়ায় চিকিৎসকের পদ শূন্য রয়েছে।
সংকটের কথা স্বীকার করে জেলা সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী বলেন, ‘চিকিৎসকসংকট রয়েছে। কেউ গ্রামে থাকতে চান না। এসব সীমাবদ্ধতার মধ্যেও ভালো সেবা দিয়ে যাচ্ছি৷ ৩৩তম বিসিএসের চিকিৎসকেরা নিয়োগ পেলে এই সংকট অনেকখানি কেটে যাবে।’