গ্রামে নির্বাচন, শহরে প্রচারণা!
জয়পুরহাটের কালাই উপজেলার গ্রামাঞ্চলে পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ২০ জুন অনুষ্ঠিত হচ্ছে। শহরের বাইরে গ্রাম এলাকায় নির্বাচন হলেও প্রার্থীরা মাইকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন পৌর শহরে। এ অবস্থায় দুপুর থেকে রাত অবধি একাধিক প্রার্থীর নির্বাচনী প্রচারকাজে ব্যবহূত মাইকের শব্দে অতিষ্ঠ শহরবাসী।শহরবাসীর অভিযোগ, ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে বেশ কিছু প্রার্থী পৌর শহরে মাইকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। মাইকে নির্বাচনী প্রচারণায় এগিয়ে রয়েছেন উপজেলার আহম্মেদাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থীরা। দুপুরের পর থেকে বিভিন্ন প্রার্থীর মাইকের উচ্চ শব্দে শহরবাসীর কান ঝালাপালা হচ্ছে। প্রচার মাইকের শব্দে শহরের স্কুল-কলেজের শিক্ষার্থী এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও শিশুরা বিপাকে পড়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী চিকিৎসক আখলাকুর রহমান বলেন, মাইকের শব্দে রোগীরা অতিষ্ঠ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘গ্রামে নির্বাচন আর শহর এলাকায় মাইকে নির্বাচনী প্রচারণা চালিয়ে ইউপি নির্বাচনের প্রার্থীরা একধরনের দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন।’আহম্মেদাবাদ ইউনিয়ন আ.লীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আলী আকবর বলেন, ‘সদর ইউনিয়ন ভেঙে পৌরসভা গঠিত হয়েছে। মাঝখানের অংশ পৌরসভা হিসেবে ঘোষিত হলেও তিন দিকেই আহম্মেদাবাদ ইউনিয়ন রয়েছে। যোগাযোগের মূল সড়কও শহরের ভেতর দিয়ে। তাই প্রচারকারীরা ইউনিয়ন এলাকায় মাইক বাজালেও শহর হয়ে যাতায়াত করছেন। ভুলক্রমে তাঁরা শহরেও মাইকে প্রচারণা চালাচ্ছেন। ভুল না করার জন্য প্রচারকর্মীদের সতর্ক করে দেওয়া হবে।’আরেক চেয়ারম্যান পদপ্রার্থী আবুল খায়ের গোলাম মওলা বলেন, ‘পৌর এলাকায় মাইক না বাজানোর জন্য প্রচারকর্মীদের নির্দেশ দেওয়া হবে।’উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান বলেন, ‘নির্বাচনী এলাকার বাইরে মাইকে প্রচারণা চালানোর ব্যাপারে আচরণবিধিতে স্পষ্ট করে কিছু উল্লেখ না থাকলেও শহর এলাকায় মাইকে প্রচারণা না চালানোর জন্য প্রার্থীদের সতর্ক করে দেওয়া হবে।’