গ্রামে বসেই অনলাইনে চিকিৎসকের পরামর্শ
প্রত্যন্ত গ্রামে বসে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ পাচ্ছেন ঢাকার চর্মবিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। ব্যবস্থাপত্র পেয়ে সুস্থও হয়ে উঠছেন। এটি সম্ভব হচ্ছে অনলাইনে বিশেষ চিকিৎসাসেবার মাধ্যমে।মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও টেলিমেডিসিন ওয়ার্কিং গ্রুপ অব বাংলাদেশ যৌথভাবে এ সেবা দিচ্ছে। এ পদ্ধতিতে চর্মরোগী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি চিকিৎসকের সঙ্গে নিজের সমস্যার কথা জানাচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকও প্রযুক্তির সহায়তায় রোগের উপসর্গ দেখে ব্যবস্থাপত্র পাঠিয়ে দিচ্ছেন। পাইলট প্রকল্পের মাধ্যমে দিনাজপুুরের বিরামপুর, ফেনীর ছাগলনাইয়া, গাজীপুরের কাপাসিয়া এবং ফরিদপুরের সালতা উপজেলায় গ্রামীণফোন কমিউনিটি ইনফরমেশন সেন্টারে অনলাইনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত শনিবার দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার গ্রামীণফোন কমিউনিটি ইনফরমেশন সেন্টার বেলাল ফটোস্ট্যাটে চিকিৎসা-প্রার্থীদের ভিড়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে চর্মরোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলে ব্যবস্থাপত্র নিচ্ছেন। বিজুল দারুর হুদা কামিল মাদ্রাসার শিক্ষার্থী সাব্বির আহমেদ জানান, স্থানীয়ভাবে চিকিৎসা করে তিনি কোনো সুফল পাননি। শহরে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সামর্থ্যও নেই তাঁর। তাই তিনি অনলাইনে চিকিৎসাসেবা নিতে বেলাল ফটোস্ট্যাটে এসেছেন। অনলাইনে বসে পাঁচ মিনিট বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলার পর তিনি ব্যবস্থাপত্র হাতে পান।বিরামপুরে টেলিমেডিসিন সেন্টারের পরিচালক মো. বেলাল হোসেন জানান, বিরামপুরে টেলিমেডিসিন-সেবা চালু হওয়ার পর অনেক দূরদূরান্ত থেকে প্রতিদিন রোগীরা চিকিৎসাসেবা নিতে আসছে। এখানে মাত্র ১০০ টাকায় ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র ও পরামর্শ নিতে পারছে। দিন দিন রোগীর সংখ্যাও বাড়ছে।গ্রামীণফোনের টেলিডরমেটোলজি পাইলট প্রকল্পের প্রধান চিকিৎসক আরকানুল ইসলাম প্রথম আলোকে জানান, ডাইকট নামের একটি বিশেষ যন্ত্রে টাইমস সফটওয়্যারের মাধ্যমে অনলাইনের সাহায্যে এই সেবাটি দেওয়া হচ্ছে। বারডেম হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের অধ্যাপক ও জ্যেষ্ঠ পরামর্শক রেজা বিন জায়েদ দেশেই এই বিশেষ যন্ত্রটি তৈরি করেছেন। তিনিই টেলিডরমেটোলজি পাইলট প্রকল্পের প্রধান পরামর্শক চিকিৎসক। এই যন্ত্রের সাহায্যে রোগীর সঙ্গে চিকিৎসক স্কাইপির মাধ্যমে ভিডিও কনফারেন্সে সরাসরি যোগাযোগ করে ব্যবস্থাপত্র দিতে পারেন। সেই ব্যবস্থাপত্র প্রিন্ট করে রোগীর হাতে দেওয়া হয়। এ ছাড়া সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থাটি সংরক্ষণের জন্য ডিজিটাল আর্কাইভ ব্যবহার করা হচ্ছে। এতে রোগীকে একটি গোপন নম্বর বা পাসওয়ার্ড প্রদান করা হচ্ছে। যার মাধ্যমে অনলাইন থেকে যেকোনো স্থানে বসে রোগী পুনরায় ব্যবস্থাপত্রটি সংগ্রহ করতে পারবেন।গ্রামীণফোনের হেড অব করপোরেট রেসপন্সিবিলিটি বিভাগের প্রধান দেবাশীষ রায় প্রথম আলোকে বলেন, প্রযুক্তি জীবনকে অনেক সহজ করে দিয়েছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রত্যন্ত এলাকার মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে দেশের চারটি উপজেলায় পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এদিকে গ্রামীণফোনের কর্মকর্তারা জানান, আপাতত দেশের চারটি স্থানে শুধু চর্মরোগের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ বছর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মাতৃত্বকালীন চিকিৎসাসেবা সংযুক্ত করা হবে ও সেবাকেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে।