গ্রামে বাবার কবরের পাশে শায়িত হলেন খালেদ খান

বিশিষ্ট নাট্যাভিনেতা খালেদ খানকে তাঁর জন্মস্থান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মজদই গ্রামে বাবা নজরুল ইসলাম খানের কবরের পাশে গতকাল শনিবার দাফন করা হয়েছে। ঢাকায় সব আনুষ্ঠানিকতা শেষে গতকালই বিকেল সোয়া পাঁচটায় তাঁর মরদেহ গ্রামে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁকে এক নজর দেখতে হাজারো মানুষের ঢল নামে।
খালেদ খানের মরদেহ গ্রহণ করেন গ্রামের সাবেক ইউপি সদস্য কহিনুর ইসলাম, প্রবীণ ব্যক্তিত্ব আবদুল হক খান ও নিকটাত্মীয়রা। মাগরিবের নামাজের পর গ্রামের স্থানীয় কবরস্থান মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
খালেদ খান চিরতরে বাকশূন্য হয়ে শুক্রবার রাতে না ফেরার দেশে চলে যান। রাতে শুয়ে ছিলেন হাসাপাতালের হিমঘরে। গতকাল সর্বস্তরের জনগণ তাঁর প্রতি শ্রদ্ধা জানান। শেষ কর্মস্থল ইউল্যাব ক্যাম্পাস, কেন্দ্রীয় শহীদ মিনার ও শিল্পকলা একাডেমীতে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে তাঁকে নেওয়া হয় মির্জাপুরে বাবার কবরের পাশে। গতকাল সকাল সাড়ে আটটায় হাসপাতালের হিমঘর থেকে তাঁকে শেষবারের মতো নিয়ে যাওয়া হয় তাঁর ধানমন্ডির বাসভবনে। অসম্ভব বিনয়ী এ মানুষটিকে শেষবারের মতো কাছে পেয়ে আত্মীয়স্বজনের সঙ্গে অশ্রুজলে ভাসেন প্রতিবেশীরাও। সেখান থেকে সকাল নয়টা ৫৫ মিনিটে তাঁকে নেওয়া হয় তাঁর শেষ কর্মস্থল ইউল্যাব ক্যাম্পাসে। এরপর সর্বস্তরের জনগণের শ্রদ্ধানুষ্ঠানের জন্য খালেদ খানের মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।
মরদেহ শহীদ মিনারে আনার পর তা গ্রহণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। শ্রদ্ধা জ্ঞাপনের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ। এরপর একে একে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রামেন্দু মজুমদার, অধ্যাপক আনিসুজ্জামান, আতাউর রহমান, সৈয়দ শামসুল হক, কামাল লোহানী, চাষী নজরুল ইসলাম, নুহ-উল-আলম লেলিন, ফেরদৌসী মজুমদারসহ আরও অনেকে। সংগঠন হিসেবে খালেদ খানের মরদেহের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শিল্পকলা একাডেমী, সুবচন নাট্য সংসদ, নাগরিক নাট্য সম্প্রদায়, ঋষিজ শিল্পীগোষ্ঠী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, ক্রান্তি শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা, পদাতিক নাট্য সংসদ, ডেইলি স্টার, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, চন্দ্রকলা থিয়েটার, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, উদীচী, খেলাঘর, টাঙ্গাইল জেলা সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়, দেশ টিভি, চ্যানেল আই, বেঙ্গল ফাউন্ডেশন, ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার, গণসংগীত সমন্বয় পরিষদ, থিয়েটার আর্ট ইউনিট, লোক নাট্যদল, টিভি শিল্পী সংস্থা, মুক্তিযুদ্ধ জাদুঘর, জাতীয় কবিতা পরিষদ, আরণ্যক নাট্যদল, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর তাঁর প্রথম জানাজা সম্পন্ন শেষে শিল্পকলা একাডেমীতে নেওয়া হয়। সেখান থেকে টাঙ্গাইলের মির্জাপুরের মজদই গ্রামে তাঁকে নেওয়া হয়।
স্মরণানুষ্ঠান: আগামী ২৪ ডিসেম্বর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও ২৫ ডিসেম্বর নাগরিক নাট্য সম্প্রদায় খালেদ খান স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে। ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী জানান, দুটি অনুষ্ঠানই শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে।