গ্রামে বিদ্যুৎ সরবরাহে বৈষম্য গ্রাহকেরা প্রতারিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে গ্রামের গ্রাহকেরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতাধীন সমিতিগুলোর (পবিস) অধিকাংশ মহাব্যবস্থাপক (জিএম)৷ তাঁরা বলেছেন, নতুন সংযোগ দেওয়া ও বিতরণ লাইন স্থাপনের কথা বলে কোনো কোনো জনপ্রতিনিধি ও সরকারি দলের নেতাও গ্রামের মানুষের কাছ থেকে অবৈধভাবে অর্থ নিচ্ছেন৷ এর সঙ্গে আরইবির ও অনেক ঠিকাদারের কিছু লোকও জড়িত৷
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে গতকাল শনিবার অনুষ্ঠিত এক সভায় অধিকাংশ জিএম এ অভিযোগ করেন বলে সভায় অংশগ্রহণকারীদের কয়েকজন প্রথম আলোকে বলেন।
সকালে ঢাকায় আরইবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় অধিকাংশ মহাব্যবস্থাপক বলেন, আরইবির ৭২টি সমিতির অধীন মোট গ্রাহক প্রায় এক কোটি ১০ লাখ। গ্রাহকসংখ্যা ও মোট চাহিদা বিবেচনায় বিদ্যুৎ বরাদ্দের সরকারি নীতি অনুযায়ী দেশে উৎপাদিত বিদ্যুতের অর্ধেক বরাদ্দ হওয়ার কথা তাঁদের জন্য। কিন্তু কখনোই তা করা হয় না। সেখানে লোডশেডিংও বেশি৷
আরইবির এলাকায় এখন বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় তিন হাজার ৬০০ মেগাওয়াট। কিন্তু দেওয়া হচ্ছে আড়াই হাজার মেগাওয়াটের মতো। তা ছাড়া দীর্ঘদিন ধরে গ্রামাঞ্চলে বিতরণ লাইন মেরামত ও নতুন লাইন স্থাপন বন্ধ থাকায় বিদ্যুৎবিভ্রাটের ঘটনাও বেশি ঘটছে।
আরইবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিনের সভাপতিত্বে ওই সভায় গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিতরণব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা ও চলমান কার্যক্রম উপস্থাপন করা হয়। তাতে বলা হয়, গ্রাহকপর্যায়ে বিদ্যুৎ বিতরণে আরইবির যে ব্যয় হয়, তার চেয়ে এখনো কম দামে বিদ্যুৎ বিক্রি করা হচ্ছে। ফলে আরইবি নিজের অর্থে কোনো উন্নয়নকাজ করতে পারছে না।
এ প্রসঙ্গে কয়েকজন জিএম সভায় বলেন, চলমান কার্যক্রমের আওতায় বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা বলে জনপ্রতিনিধি, সরকারি দলের নেতা, ঠিকাদারের লোক এবং আরইবির একশ্রেণির লোক মানুষের সঙ্গে প্রতারণা করছেন। যেহেতু গ্রামে বিদ্যুতের চাহিদা বেশি, সবাই বিদ্যুৎ চান, কিন্তু সরবরাহ কম সেহেতু মানুষ প্রলুব্ধ হয়ে অর্থ দেয়।
সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি ও বিতরণব্যবস্থার উন্নয়নে সরকারি পরিকল্পনা তুলে ধরেন। এ ছাড়া তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম ঘটলে আরইবিকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কোনো বিষয়ে যদি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দরকার হয় তাহলে তা মন্ত্রণালয়কে জানালে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি গ্রামের বিদ্যুৎ গ্রাহকদের প্রতারিত হওয়ার বিষয়ে সবাইকে সতর্ক করে দেন।