গ্রামে লোডশেডিং কমাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
গ্রামাঞ্চলে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সে জন্য প্রয়োজনীয় বিতরণ লাইন নির্মাণ ও পুরোনো লাইন সংস্কার করে বিতরণ-ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় সংখ্যক সাবস্টেশন নির্মাণ করার সুপারিশ করেছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ সুপারিশ করা হয়।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে কমিটির সভাপতি কাজী কেরামত আলী বলেন, গ্রামাঞ্চলে অনেক এলাকায় লোডশেডিং বাড়ছে। তিনি নিজের নির্বাচনী এলাকার উদাহরণ দিয়ে বলেন, ঘন ঘন লোডশেডিং হলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। জনপ্রতিনিধিরাও প্রশ্নের মুখে পড়েন। অন্য একজন সদস্যও তাঁর বক্তব্য সমর্থন করেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে নবম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সর্বশেষ অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রী কর্তৃক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রদত্ত প্রতিশ্রুতির ওপর আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) অধীনে দুটি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাজবাড়ীসহ অন্যান্য এলাকায় মোট ৩ হাজার ৮২২টি বিতরণ ট্রান্সফরমার স্থাপন কাজ চলমান আছে। এর মধ্যে ৩৯৫টি ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ কার্যক্রমকে সফল করার জন্য এ পর্যন্ত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে ১ কোটি ৯৫ লাখ গ্রাহককে বিদ্যুৎ-সংযোগের আওতায় আনা হয়েছে।
বৈঠকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জানায়, ২০১৬-২০১৭ অর্থবছরে বিদ্যুৎ বিভাগের আওতায় ১৭ হাজার ৯০৭ কোটি টাকা ব্যয়ে মোট ১১৭টি প্রকল্পের আর্থিক অগ্রগতি ১০১ দশমিক ৮০ শতাংশ। একই অর্থবছরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় ২ হাজার ৩৯৬ কোটি টাকা ব্যয়ে ৫৮টি প্রকল্পের আর্থিক অগ্রগতি ৯৭ দশমিক ৯৮ শতাংশ।
কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. শহীদুজ্জামান সরকার, এ কে এম শাহজাহান কামাল, মো. আবদুল মজিদ খান, মীর মোস্তাক আহম্মেদ বৈঠকে অংশ নেন।