গ্রামে সন্দেহজনক কাউকে দেখলেই তথ্য দিন
গ্রামে সন্দেহজনক কোনো ব্যক্তিকে দেখলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিতে গ্রাম পুলিশের প্রতি আহ্বান জানানো হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় নগরের জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত এক সমাবেশে গ্রাম পুলিশকে কড়া নজর রাখার আহ্বান জানিয়ে বলা হয়, তারা গ্রামে গ্রামে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করলে জঙ্গি ও সন্ত্রাসীদের কোথাও ঠাঁই হবে না। আসরের নামাজের পর কিছু মসজিদে বয়ানের নামে জঙ্গিদের একত্র হওয়ার ব্যাপারেও গ্রাম পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।
তৃণমূল পর্যায়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধের লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত গ্রাম পুলিশ সমাবেশে চট্টগ্রামের ১৯২টি ইউনিয়নের প্রায় দেড় হাজার গ্রাম পুলিশ সদস্য অংশ নেন। জঙ্গিবাদ নির্মূলের লক্ষ্যে গ্রাম পুলিশদের নিয়ে এটাই দেশে প্রথম সমাবেশ বলে আয়োজকেরা জানিয়েছেন।
‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে গ্রাম পুলিশ’ শীর্ষক এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সমাবেশে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, জঙ্গিদের জায়গা কোথাও নেই। তাদের মানুষ ঘৃণা করে। মর্গে পড়ে থাকা জঙ্গিদের লাশ নিতেও পরিবারের কোনো সদস্য আসছেন না। শোলাকিয়ায় নিহত এক জঙ্গির জানাজা পড়েছেন মাত্র একজন। অথচ তারা বেহেশতে যেতে নাকি মানুষ হত্যা করেছে।
পবিত্র কোরআন শরিফের উদ্ধৃতি দিয়ে জেলা প্রশাসক বলেন, নিরপরাধ মানুষকে হত্যা করতে নিষেধ করা হয়েছে। অথচ জঙ্গিরা নিরপরাধ মানুষই খুন করছে। ইসলাম শান্তির ধর্ম। জঙ্গিবাদ, পেট্রলবোমা ও রগ কাটার মধ্য দিয়ে ইসলাম ধর্ম প্রসারিত হয়নি। ইসলাম ধর্ম প্রসারিত হয়েছে শান্তিপ্রিয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে। জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন গ্রাম পুলিশ সদস্যদের নিজ দায়িত্ব পালনে অবিচল থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘গ্রামে সন্দেহজনক কাউকে দেখলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। স্থানীয় কোনো মেসের বাসিন্দাদের সন্দেহজনক মনে হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি কিংবা স্থানীয় চেয়ারম্যানকে জানাবেন। এটাকে আপনারা ঝামেলা মনে করবেন না। আপনারা গ্রামে গ্রামে দায়িত্ব পালন করলে জঙ্গি ও সন্ত্রাসীদের ঠাঁই কোথাও হবে না।’
গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে বিধির বাধ্যকতার কথা উল্লেখ করে জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা সমাবেশে বলেন, ‘আপনারা চেয়ারম্যান বা অন্য কারওর ব্যক্তিগত কাজে নয়, জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। চেয়ারম্যানদের কাজে ব্যবহার হওয়া আপনাদের জন্য অবমাননা। আপনারা (গ্রাম পুলিশ) আমাদের সঙ্গে তথ্য বিনিময় করলে এটা একটা বড় শক্তি হবে। গ্রামে কোনো আগন্তুক, অপরাধী বা জঙ্গির উপস্থিতি ঘটলে দ্রুত আমাদের ওসি কিংবা চেয়ারম্যানকে জানাবেন। প্রতিটি ঘটনা ওসিকে জানানো আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। পুলিশকে সহযোগিতা না করলে সংশ্লিষ্ট থানার ওসি আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন, যা বিধিতে উল্লেখ আছে। কিন্তু আমরা আপনাদের ভয় দেখাতে নয়, সহযোগিতা নিতে এখানে ডেকেছি। আপনারা যথাযথ দায়িত্ব পালন করলে দেশ থেকে আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল করতে পারব।’
নুরেআলম মিনা গ্রাম পুলিশদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আরও বলেন, ‘আসরের নামাজের পর কিছু মসজিদে বয়ানের নামে জঙ্গিরা একত্র হয়। এ বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। সেই মসজিদে কী বলা হচ্ছে সে বিষয়ে নজর রাখতে হবে। সন্দেহ হলে পুলিশকে দ্রুত জানাবেন।’
জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামের ১৯২টি ইউনিয়নে ১ হাজার ৩৮৩ জন চৌকিদার ও ১৫৭ জন দফাদার নিয়োজিত আছেন। চৌকিদার ও দফাদারকে গ্রাম পুলিশ বলা হয়। সমাবেশে প্রায় দেড় হাজার গ্রাম পুলিশ ও ৪০০ জেলা পুলিশ সদস্য অংশ নেন।