গ্রামেও ছড়িয়ে পড়েছে মাদক: আইজিপি

গ্রামেও ছড়িয়ে পড়েছে মাদক। গত বছরই সারা দেশে মাদক-সংক্রান্ত ৪২ হাজার ৫০১টি মামলা হয়েছে। ইয়াবা উদ্ধারা করা হয়েছে ১ কোটি ৪০ লাখেরও বেশি। এ থেকেই মাদকের ভয়াবহতা উপলব্ধি করা সম্ভব।
গতকাল ডিবেট ফর ডেমোক্রেসি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিতর্ক উৎসব-২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক এ কথা বলেন।
আইজিপি বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়। সামাজিক ও গণসচেতনতা তৈরির মধ্য দিয়েই এর ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। তরুণসহ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে সচেতন করা না গেলে মাদকের চাহিদা কমানো যাবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী। অনুষ্ঠানের স্লোগান—‘মাদকমুক্ত তরুণ প্রাণে, গড়বো দেশ যুক্তির গানে’।
বিশেষ অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান বলেন, বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামাজিক-সাংস্কৃতিক পরিবর্তনও ঘটছে। সামাজিক প্রতিরোধের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে যারা যুক্ত, তাদের নৈতিকতারও উন্নয়ন ঘটাতে হবে।
হাসান আহমেদ চৌধুরী বলেন, দেশে মাদকাসক্তদের মধ্যে ৮০ ভাগেরও বেশি তরুণ জনগোষ্ঠী। এই বিতর্ক উৎসব তাদের যুক্তিবোধের মধ্য দিয়ে মাদকের কুফল তুলে ধরে এর থেকে পরিত্রাণের উপায় বের করতে সহযোগিতা করবে।
উদ্বোধনী বিতর্কে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে শহীদ পুলিশ স্মৃতি কলেজ জয়ী হয়েছে।