গ্রামের অটোরিকশার স্ট্যান্ড শহরে, যানজটে দুর্ভোগ
চট্টগ্রাম নগরের ব্যস্ততম এলাকা মুরাদপুর মোড়ে প্রায়ই যানজট লেগে থাকে। নানামুখী যানবাহনের চাপ সামলাতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। আবার সেই পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে এখানে সড়কের ওপর বসেছে গ্রামের সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ড।
বিভিন্ন উপজেলায় চলাচলকারী এসব অটোরিকশা মুরাদপুরের যানজট দীর্ঘায়িত করে বলে অন্য গাড়িচালকদের অভিযোগ। শুধু মুরাদপুর নয়, নগরের অক্সিজেন, চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা, কর্নেলহাট, কর্ণফুলী তৃতীয় সেতুর মুখে গ্রামের সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড রয়েছে। পুলিশের কাছ থেকে টোকেন নিয়ে এসব অটোরিকশা নগরের স্ট্যান্ডে ঢোকে বলে অভিযোগ রয়েছে।
ইস্কান্দর নামে এক চালক বহদ্দারহাটে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘কাপ্তাই রাস্তার মাথা কিংবা অক্সিজেন পর্যন্ত তারা আসুক সেটা মেনে নেব। কিন্তু গ্রামের গাড়ি পুলিশের টোকেন নিয়ে এখন নগরের যত্রতত্র ঢুকে যাচ্ছে। মুরাদপুরে স্ট্যান্ড করে বসেছে। এতে আমাদের ভাড়া কমে যাচ্ছে।’
সরেজমিনে দেখা যায়, মুরাদপুরে যানজট লেগেই আছে। রাস্তার বাঁ পাশে দুই-তিন সারি করে দাঁড়িয়ে আছে সিএনজিচালিত অটোরিকশা। সবগুলোর নম্বরপ্লেটে ‘চট্টগ্রাম’ লেখা। স্ট্যান্ডে দাঁড়ানো চালকদের কাছে কবে থেকে এই স্ট্যান্ড জানতে চাইলে তাঁরা বলেন, অনেক দিন ধরেই চলছে। প্রশাসনের অনুমতি নিয়ে এখানে আছি। এখান থেকে ভাড়া নিয়ে গ্রামে যাই।
গত বুধবার বিকেলে মুরাদপুর এলাকায় গিয়ে দেখা যায় ট্রাফিক পুলিশের কর্তব্যরত কর্মকর্তা সৈকত দে রাস্তার স্ট্যান্ডে দুই-তিন সারি করে দাঁড়ানো অন্তত ২০টি অটোরিকশাকে সরিয়ে দিচ্ছিলেন। ‘সিঙ্গেল লাইন করেন। সিঙ্গেল লাইন...’ বলে চিৎকার করছিলেন তিনি।
গ্রামের অটোরিকশার স্ট্যান্ড শহরে কীভাবে জানতে চাইলে ট্রাফিক কর্মকর্তা সৈকত দে বলেন, ‘তাঁরা প্রশাসন থেকে এখানে ১০টি অটোরিকশা রাখার অনুমতি নিয়েছেন বলে শুনেছি। কীভাবে নিয়েছেন সেটা আমি জানি না। আমি একেক দিন ভিন্ন ভিন্ন জায়গায় থাকি, সেভাবে জানি না। তবে এখানে তারা ডাবল লাইন করে রাখে সব সময়।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক বলেন, ‘এ জন্য আমরা টোকেন নিয়েছি। টোকেনের একটি মূল্য রয়েছে।’ কত টাকা জানতে চাইলে তিনি জানাতে অস্বীকৃতি জানান। এই স্ট্যান্ডের লাইনম্যান মো. আবুল।
অনুসন্ধানে জানা গেছে, গ্রামের অটোরিকশা শহরে ঢুকতে দেওয়া এবং স্ট্যান্ডে দাঁড়ানোর জন্য পুলিশের একটি টোকেন রয়েছে। কর্নেলহাটে গ্রামের স্ট্যান্ড বাবদ প্রতি গাড়ি মাসে এক হাজার, কাপ্তাই রাস্তার মাথা থেকে রাউজান নোয়াপাড়ায় চলাচলকারী প্রতি গাড়ি ৮০০ থেকে এক হাজার ২০০ টাকা এবং মুরাদপুরে এক হাজার টাকা করে টোকেন বাবদ নেওয়া হয় বলে জানা গেছে।
নগরের বাকলিয়া থানাধীন তৃতীয় কর্ণফুলী সেতুর মুখে গ্রামের অটোরিকশার আরেকটি স্ট্যান্ড রয়েছে। এখান থেকে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন যাত্রাপথে অটোরিকশা চলাচল করে থাকে। এটি নগর ও গ্রামের প্রান্তসীমায় হলেও গ্রামের অটোরিকশার কারণে সেতুর মুখে প্রতিদিন যানজট লেগে থাকে।
এ বিষয়ে উপকমিশনার (যানবাহন) মো. ফারুক আহমেদ বলেন, ‘মুরাদপুরে গ্রামের অটোস্ট্যান্ড থাকার কথা না। তারা অক্সিজেন পর্যন্ত আসতে পারবে। এটা কীভাবে হলো আমি খোঁজ নিয়ে দেখছি। সীমা অতিক্রম করে শহরে ঢুকে পড়লে ব্যবস্থা নেওয়া হয়।’