গ্রামের কেউ ওঁদের চেনে না
ধামরাই থানার রোয়াইল ইউনিয়নের আটিমাইটান গ্রামের ৩০০ পরিবারের সবাই মুসলমান। তিন বছরে এই গ্রামের বাসিন্দা দাবি করে কনস্টেবল পদে ৮৮ জন নিয়োগ পেয়েছেন। এই ৮৮ জনের মধ্যে দুজন হিন্দু ধর্মাবলম্বী।
বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে পরাজিত আজাদ হোসেনসহ ওই গ্রামের ফিরোজ আল-মামুন, জাহাঙ্গীর আলম ও ফরহাদ মিয়া প্রথম আলোকে বলেন, ৮৮ জনের মধ্যে একজন সাইফুল ইসলামকে তাঁরা চেনেন। বাকি ৮৭ জনের কেউ এই গ্রামের বাসিন্দা নন। তাঁরা বলেন, এ গ্রামে কোনো হিন্দু ধর্মাবলম্বী লোক বাস করেন না। পুলিশের কনস্টেবল পদে চাকরি পাওয়া এক হাজার লোকের ব্যাপারে খোঁজ করতে গেলে ধামরাই এলাকার বাসিন্দারা এমন তথ্য জানান।
ধামরাইয়ের সোয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আনন্দনগর গ্রামের বাসিন্দা উল্লেখ করে নিয়োগ পেয়েছেন ৪৩ জন। এ গ্রাম থেকে নিয়োগ পাওয়া ওমর ফারুক, শ্যামল হোসেন, জুয়েল রানা, শহিদুল ইসলামসহ সবার নাম পড়ে শোনানোর পর আনন্দনগর গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন ও আবদুর রব বলেন, এসব নামের কোনো লোক তাঁদের গ্রামে নেই। একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঈশাননগর থেকে তিন বছরে ২২ জন কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। তাঁদের মধ্যে বাচ্চু খানের ছেলে জাকির হোসেনই শুধু ওই গ্রামের বাসিন্দা।
ঈশাননগরের শামীম হোসেন, সোহরাব উদ্দিন খান ও আবদুল লতিফ খানসহ আরও অনেকেই বলেন, বাকি ২১ জনের পরিচয় তাঁরা জানেন না। ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই গ্রামের বাসিন্দা হিসেবে গত তিন বছরে কনস্টেবল পদে চাকরি পাওয়া ৪৭ জনই গ্রামটির বাসিন্দা নন।
ইউপি সদস্য মনির হোসেন বলেন, এঁরা সবাই গাঙ্গুটিয়া ইউনিয়নের বাইরের লোক। ভোটার তালিকায় তাঁদের নাম নেই। ভুয়া কাগজপত্র ও নাগরিকত্ব সনদ দিয়ে তাঁরা চাকরি নিয়েছেন।
সানড়া ইউনিয়নের শোলধন গ্রামের বাসিন্দা হিসেবে আলম মিয়া, উজ্জ্বল হোসেন, নুরুল মিয়া, রবিউল ইসলাম, সাকিব হাসান, আমেনা খাতুনসহ ২০ জন চাকরি পেয়েছেন। অথচ একজনও ওই গ্রামের বাসিন্দা নন।
গ্রামের বাসিন্দা খালেদ মাসুদ বলেন, ঘটনা জানার পর তিনি বিষয়টি নিয়ে ধামরাই উপজেলা পরিষদের সভায় আলোচনা করেন। ওই সভায় তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে কথা না বলে পুলিশ প্রতিবেদন না দেওয়ার দাবি জানান। কিন্তু পুলিশ গোপনে প্রতিবেদন দিয়ে দেয়।
কুশুরা ইউনিয়নের রামদাইল গ্রামের বাসিন্দা হিসেবে চাকরি পাওয়া রোমিনা খাতুন, সুরাইয়া আক্তার, শরিফা খাতুন, আইরিন নাহার, রুহুল আমিন, পারভেজ মুন্সিসহ ৫৮ জনের একজনকেও চেনেন না ওই গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম, মিল্টন ও সাদ্দাম খান। স্থানীয় মসজিদের ইমাম মিনহাজ উদ্দিনসহ ওই গ্রামের সানোয়ার হোসেন ও মিজানুর রহমান জানান, এঁরা এই গ্রামের বাসিন্দা নন।
কনস্টেবল পদে এসব নিয়োগের প্রক্রিয়া চলাকালে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে অধিক সময় দায়িত্ব পালন করেছেন এস এম আলমগীর হোসেন। এই কর্মকর্তাসহ তাঁর অধীনে কর্মরত উপপরিদর্শকেরাই (এসআই) যাচাই-বাছাই করে প্রতিবেদন দিয়েছেন। ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই তাঁদের চাকরি স্থায়ী হয়েছে।
এস এম আলমগীর সম্প্রতি ধামরাই থানা থেকে বদলি হয়েছেন। বদলি হওয়ার আগে প্রথম আলোকে তিনি বলেছিলেন, যাচাই-বাছাইয়ের পর সবার প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হলে তাঁরা সবকিছু জমা দেন। এসব দেখার পরই তাঁদের ঠিকানা সঠিক আছে বলে প্রতিবেদন দেওয়া হয়।
সাভারের সহকারী পুলিশ সুপার রাসেল শেখ বলেন, ভুল তথ্য ও ভুয়া কাগজপত্র দিয়ে প্রাথমিকভাবে চাকরি পেলেও যাচাই-বাছাইয়ে প্রতারণার বিষয়টি ফাঁস হওয়ার কথা। ভুল তথ্য দেওয়ার বিষয়টি ধরা পড়লে নিয়োগ কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।