এসএসসি পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির ভিত্তিতে তৈরি সেরা দশের তালিকায় এবার যশোর সদরের তিনটি, খুলনা সদরের পাঁচটি, কুষ্টিয়া সদরের দুটি ও সাতক্ষীরা সদরের একটি বিদ্যালয় স্থান পেয়েছে। কিন্তু গ্রামের কোনো বিদ্যালয় এ তালিকায় স্থান পায়নি। এমনকি টানা পাঁচবার শীর্ষ দশে থাকা যশোরের ঝিকরগাছা উপজেলার শেখ আকিজ উদ্দিন উচ্চবিদ্যালয়টিও এবার পিছিয়ে পড়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রবিউল ইসলাম।সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার এই শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল এক লাখ ২৩ হাজার ১৯ জন। উত্তীর্ণ হয়েছে ৯৭ হাজার ৪০৩ জন। এর মধ্যে ছেলে ৫১ হাজার ১৪৭ ও মেয়ে ৪৬ হাজার ২৫৬ জন। জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৩৯৯ জন। পাসের হার শতকরা ৭৯ দশমিক ১৮ ভাগ। শহর এলাকার বাইরে থাকা স্কুলগুলোর মধ্যে ঝিকরগাছা উপজেলার শেখ আকিজ উদ্দীন উচ্চবিদ্যালয় থেকে ৬৪ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫৫ জন জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টির পাসের হার শতভাগ। এ ছাড়া অভয়নগর উপজেলার নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ১৪০ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৫০ জন। চৌগাছা উপজেলার কান্দি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে তিনজন। কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের ৭৫ জন শিক্ষার্থীর মধ্যে ৭৪ জনই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৩ জন।শেখ আকিজ উদ্দীন উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেন, গতবারের তুলনায় এবার তাঁদের বিদ্যালয়ের ফল ভালো হয়েছে। কিন্তু সেরা দশের তালিকায় স্থান হয়নি। এর কারণ হিসেবে সেরা ১০ বিদ্যালয় নির্বাচনের নতুন নিয়মের কথা বললেন তিনি।গ্রামের কোনো বিদ্যালয়ের সেরা দশে না থাকার কারণ জানতে চাইলে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এবার কিছুটা নতুন নিয়মে তালিকা করা হয়েছে। যেখানে ঝরে পড়া শিক্ষার্থীদেরও গণনার আওতায় আনা হয়েছে। আর এ কারণেই গ্রামের স্কুলগুলো ভালো ফল করলেও তালিকায় স্থান পায়নি। কারণ গ্রামের স্কুলের শিক্ষার্থীরা বেশি ঝরে পড়ছে।’ তবে গ্রামের স্কুলগুলো যাতে ভালো করতে পারে তার জন্য পরিকল্পনা হাতে নেওয়া হবে বলে তিনি জানান।যশোর শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার ১৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়। এর মধ্যে ১০২ জন জিপিএ-৫ পেয়েছে। শীর্ষ দশের তালিকায় বিদ্যালয়টি এবার ৬-এর ‘খ’ নম্বরে স্থান পেয়েছে। আগের বছর বিদ্যালয়টি পঞ্চম স্থানে ছিল। সরকারি যশোর জিলা স্কুল থেকে এবার পরীক্ষা দিয়েছে ২০৩ জন। এর মধ্যে ১০২ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ। গত বছরের তালিকায় বিদ্যালয়টি চতুর্থ স্থানে ছিল। এবারের তালিকার ৬-এর ‘ক’ স্থানে নেমে গেছে। এদিকে পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর ৯৯ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮১ জন। প্রতিষ্ঠানটি এবার তালিকার আট নম্বরে জায়গা করে নেয়। গত বছর এ বিদ্যালয়টি তালিকার সাত নম্বরে ছিল।এ ব্যাপারে যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে বিদ্যালয় চালানো হলে কিছুটা সমস্যা তো হয়ই। তবে মূল সমস্যাটি হচ্ছে নবম শ্রেণীর নিবন্ধন করা শিক্ষার্থীদের গণনার আওতায় আনার কারণে বিদ্যালয়টি গতবারের শীর্ষ চার থেকে নেমে গেছে। চাকরিজীবীদের বদলির কারণে দশম শ্রেণীতে ওঠার পরে অনেকে স্কুল ছেড়ে চলে গেছে। যার জন্য ভালো ফল হলেও পয়েন্ট কমে গেছে।’ একই কথা বললেন, সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদা খাতুন।এবার এই বিদ্যালয়গুলোর ফলাফল এমন কেন হলো জানতে চাইলে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রবিউল ইসলাম বলেন, ‘জিলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয় ও শেখ আকিজ উদ্দীন উচ্চবিদ্যালয় কয়েক বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চালানো হচ্ছে। যার জন্য বিদ্যালয়ে শিক্ষার শৃঙ্খলা থাকছে না। এ কারণে ফল এমনটি হতে পারে।’