গ্রামের চিকিৎসকদের মধ্যে বদলির হিড়িক
গ্রামে থাকছেন না চিকিৎসকেরা। বদলি নিয়ে পছন্দের জায়গায় চলে যাচ্ছেন। আবার কেউ কেউ কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। অ্যাডহক ভিত্তিতে জয়পুরহাটের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ পাওয়া চিকিৎসকেরা কর্মস্থল থেকে বদলি হয়ে চলে যাচ্ছেন তাঁদের সুবিধামতো জায়গায়। ফলে গ্রামগঞ্জে হতদরিদ্র মানুষেরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাটের পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে ২৮ জন চিকিৎসককে গত বছরের ২০ জুন অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। ওই সব চিকিৎসক ওই বছরের ১ থেকে ৩ জুলাইয়ের মধ্যে কাজে যোগদান করেন। যোগদানের কিছু দিন পরই প্রভাব খাটিয়ে, তদবির করে নিজেদের পছন্দের জায়গায় বদলি হয়ে চলে গেছেন ১৩ জন চিকিৎসক। পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন লক্ষ্মী রানী কুণ্ডু গত জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাঁকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। তবে কারণ দর্শানোর জবাব এখনো দেননি তিনি। জয়পুরহাট সদর উপজেলায় চারজন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে সদরের দোগাছী ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে সহকারী সার্জন হিসেবে যোগ দেন রেজাউল হায়াৎ। তিনি যোগদানের কিছুদিন পরই বদলি হয়ে চলে যান। অন্য তিনজন বিভিন্ন স্থানে কর্মরত আছেন। ক্ষেতলাল উপজেলার ক্ষেতলাল ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন মোহাম্মদ আলী চৌধুরী, মাহমুদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন ফারজানা খান, বটতারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন ফারহানা জেবিন, আলামপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন আবু নাসেরসহ নিয়োগপ্রাপ্ত চারজনই বদলি হয়ে চলে যান। কালাই উপজেলায় সাতজন চিকিৎসকের মধ্যে চারজনই বদলি হয়ে গেছেন। তাঁরা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন (অ্যানেসথেসিয়া) সাইদুল আনোয়ার, সহকারী সার্জন ইলিজা আলী ও অপর সহকারী সার্জন তানজিলা রওনক এবং রেহেনা পারভীন। বাকি তিন চিকিৎসক কর্মরত আছেন।পাঁচবিবি উপজেলায় চারজন চিকিৎসককে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। তাঁদের মধ্যে বদলি হয়ে যান একজন ও একজন চাকরি ছেড়ে দেন এবং একজন অনুপস্থিত রয়েছেন। তাঁরা হলেন আয়মারসুলপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের কামরুন নাহার বদলি হন, আটাপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের ওয়াজেদ আমিন চাকরি ছেড়ে দেন। আর কুসুম্বা ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের লক্ষ্মী রানী কুণ্ডু সহকারী সার্জন হিসেবে ওই কেন্দ্রে প্রায় তিন মাস ধরে অনুপস্থিত রয়েছেন। আক্কেলপুর সদর উপজেলায় নয়জনের মধ্যে বদলি হয়ে চলে গেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন (অ্যানেসথেসিয়া) সোনিয়া আনজুম ও সাব্বির হোসেন। বর্তমানে সাতজন কর্মরত আছেন। এদিকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ম অনুসারে কর্তব্য পালন না করার অভিযোগে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া চারজন চিকিৎসকের বিরুদ্ধে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।আক্কেলপুরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাধেশ্যাম আগরওয়ালা জানান, হাসপাতালের নিয়ম ভঙ্গের অভিযোগে চারজন চিকিৎসকের বিরুদ্ধে কারণ দর্শানো হয়েছে।ক্ষেতলালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোবিন্দ মোহন সাহা জানান, অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া চারজন চিকিৎসকই বদলি হয়ে চলে গেছেন। কেউ কেউ যোগদান করে কর্মস্থলে না এসে তদবির করে বদলি হয়ে চলে গেছেন। জয়পুরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোজাম্মেল হক জানান, অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়াদের অধিকাংশই তদবির করে বদলি হয়ে চলে গেছেন। তবে যাঁরা কর্মরত আছেন, তাঁরা নিয়মিত অফিস করছেন। কারও বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন।