গ্রামের চেয়ে রাজধানীর পরিবারের আয় তিন গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানী ঢাকার সঙ্গে দেশের অন্য অঞ্চলের আয়বৈষম্য প্রবল। ঢাকার একটি পরিবার গ্রামের একটি পরিবারের চেয়ে তিন গুণের বেশি আয় করে। দেশের অন্য শহরের একটি পরিবারের চেয়ে রাজধানীর একটি পরিবারের আয় দ্বিগুণের বেশি।
রাজধানীর একটি পরিবার প্রতি মাসে গড়ে ৫৫ হাজার ৮৬ টাকা আয় করে। গ্রামের একটি পরিবারের মাসিক আয় গড়ে ১৮ হাজার ৩৪৯ টাকা। আর দেশের অন্য শহরাঞ্চলের একটি পরিবারের আয় ২৪ হাজার ৩১ টাকা। দেশে একটি পরিবারের গড় মাসিক আয় ৩১ হাজার ৮৮৩ টাকা।
বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) ‘রাজনীতি, সুশাসন এবং মধ্যম আয়ের আকাঙ্ক্ষা: বাস্তবতা ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এই আয়বৈষম্যের চিত্র উঠে এসেছে। গতকাল মঙ্গলবার এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে সারা দেশের দেড় হাজার পরিবারের ওপর জরিপ করে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ঢাকা শহরের পাশাপাশি ১৭টি পৌরসভা ও ৩৩ গ্রাম থেকে এসব পরিবার বাছাই করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি দশকেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে চায়। এটা রাজনৈতিক আকাঙ্ক্ষা। কিন্তু মধ্যম আয়ের দেশ হতে রাজনৈতিক সুশাসনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে প্রতিবেদনে।
তিন বছরের ব্যবধানে একটি পরিবারের প্রকৃত আয় কমে গেছে, এমন তথ্য দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের পরের তিন বছরে গ্রাম ও শহরের পরিবারের আয় বাড়লেও মূল্যস্ফীতি সমন্বয় করার পর তা কমে গেছে। শহরের পরিবারের আয় ৪ দশমিক ৮ শতাংশ কমেছে। অন্যদিকে গ্রামের কমেছে ৯ দশমিক ৭৩ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতির চাপটা গ্রামেই বেশি। গ্রামের মানুষের ক্রয়ক্ষমতা কমেছে।
বৈষম্যের চিত্র তুলে ধরে কোন শ্রেণি-পেশার আয় কোথায় কত হয়, এর একটি তুলনামূলক অবস্থান দেখানো হয়েছে পিপিআরসির প্রতিবেদনে। বলা হয়েছে, রাজধানীতে একজন শ্রমিকের প্রতি মাসে আয় গড়ে ১৮ হাজার ২৪ টাকা। আর গ্রামে আয় ১০ হাজার ৯৯২ টাকা। রাজধানীর একজন ব্যবসায়ীর আয় গড়ে মাসে ১ লাখ ২১ হাজার ৯০২ টাকা। আর গ্রামের ব্যবসায়ীর আয় ৬০ হাজার ৩৭৫ টাকা।
ছোট ব্যবসায়ীর আয় রাজধানীর চেয়ে গ্রামে বেশি। রাজধানীর একজন ছোট ব্যবসায়ী মাসে আয় করেন ১৯ হাজার ৫৫৬ টাকা, আর গ্রামে গড় আয় ২২ হাজার ৭৭৪ টাকা। একজন পেশাজীবী রাজধানীতে আয় করেন প্রতি মাসে ১ লাখ ৯ হাজার ১৫০ টাকা। গ্রামের একজন পেশাজীবী আয় করেন মাত্র ১৬ হাজার টাকা।
রাজধানীর নাগরিকদের নিজেদের মধ্যেও আয়ের ফারাক ব্যাপক। আয়ের দিক থেকে শহরের পরিবারগুলোর মধ্যে ওপরের দিকের ১০ শতাংশ পরিবারে গড় আয় ৩ লাখ ১১ হাজার ১৯০ টাকা। নিচের দিকের ১০ শতাংশ পরিবারের আয় গড়ে মাত্র ৯ হাজার ৭৮১ টাকা। গ্রামেও একই চিত্র।
রাজনৈতিক সুশাসন
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ এখন সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য (এমডিজি) থেকে আরও বেশি জটিল টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন এবং মধ্য আয়ের দেশ হওয়ার স্বপ্ন প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করছে। এমন অবস্থায় পিপিআরসির প্রতিবেদনে তিনটি প্রশ্ন তোলা হয়েছে। প্রথমত, মধ্য আয়ের দেশের স্বপ্নে রাজনৈতিক উন্নয়ন কতটা জরুরি? দ্বিতীয়ত প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং গুণগত সেবা নিশ্চিত করতে নীতি কতটা প্রস্তুত? তৃতীয়ত, রাজনৈতিক সুশাসনের ঘাটতি কি প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সীমাবদ্ধতা হিসেবে আবির্ভূত হচ্ছে?
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্বল সুশাসন ও রাজনৈতিক সংঘাতের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও সংঘাতের মতো রাজনৈতিক পরিবর্তনশীল অবস্থার বিষয়টিই সুশাসন সূচকে থাকে। এগুলোই উন্নয়ন প্রক্রিয়ায় ওপর প্রভাব ফেলে। এর বাইরে আরেক ধরনের রাজনৈতিক বাস্তবতা উন্নয়নের সঙ্গে যোগসূত্র তৈরি করে।
আলোচনা: গবেষণা প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে ঢাকায় ইউএনডিপি কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, বাংলাদেশ এক ধাপ পেছালে দুই ধাপ এগোচ্ছে। তবে তিনি স্বীকার করেন, ব্যাংকিং খাত ও অর্থ পাচারের সমস্যা মোকাবিলার মতো বিষয়গুলো সরকারের মাথাব্যথার কারণ। শ্রমের মান ও উৎপাদনশীলতা বৃদ্ধি, শিক্ষার গুণগত মান এবং প্রযুক্তি ব্যবহারের গুণগত দিকগুলো বিশেষ বিবেচনার দাবি রাখে বলে তিনি মন্তব্য করেন।
এইচ টি ইমামের মতে, সব সময়েই জরিপে যে মতামত পাওয়া যায়, তা হলো উত্তরদাতার ধারণা। এ ধারণার সঙ্গে সব সময় বাস্তবতার মিল থাকে না।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, বিশ্ব অর্থনীতির সম্ভাবনাময় ১১টি দেশ, যারা ‘নেক্সট ইলেভেন’ নামে পরিচিত, তাদের মধ্যে বাংলাদেশের অর্থনীতি এর সম্ভাবনার চেয়ে কম প্রবৃদ্ধি অর্জন করেছে। এ কারণে মাথাপিছু মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দিক থেকে বাংলাদেশ অন্য ১০টি দেশের চেয়ে পিছিয়ে আছে।
নেক্সট ইলেভেনের অন্য দেশগুলো হচ্ছে ভিয়েতনাম, পাকিস্তান, নাইজেরিয়া, ফিলিপাইন, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, তুরস্ক ও মেক্সিকো। এ দেশগুলো যেভাবে নিজেদের প্রবৃদ্ধির সম্ভাবনাকে কাজে লাগিয়েছে, বাংলাদেশ নিজের সম্ভাবনাকে সেভাবে কাজে লাগাতে পারেনি।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘কর্মসংস্থান হয় না এমন প্রবৃদ্ধির কথা আমাদের ভাবা উচিত না।’ সড়ক নির্মাণে ইউরোপের চেয়ে বাংলাদেশে খরচ বেশি হচ্ছে এমন খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সুশাসনের অভাবে প্রকল্পের ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যায়। প্রাতিষ্ঠানিক সুশাসনের ওপর জোর দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, মধ্য আয়ের ব্যাপারটি তো একটি সূচকমাত্র। মানুষের জীবনমান বাড়ানোর দিকে আমাদের নজর দেওয়া উচিত। সস্তা শ্রমের ওপর নির্ভরশীল থাকার অবস্থান থেকে বেরিয়ে উৎপাদনশীলতার দিকে যেতে হবে। সেই লক্ষ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের অগ্রাধিকারের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন ট্যামেসিস বলেন, উন্নয়ন এবং গণতন্ত্রের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য এই গবেষণাটি একটি নতুন সূচনা এবং এ ধরনের আরও গবেষণা প্রয়োজন।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্স বলেন, অর্থনৈতিক উন্নয়নে সুশাসনের প্রভাব কী ধরনের, তা দেখার জন্য এ সমীক্ষায় সহযোগিতা করেছে ইউএনডিপি। বিভিন্ন দাতা দেশ ও সংস্থা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নেন।