গ্রামের নাম পরিবর্তন হলেও হয়নি বিদ্যালয়ের নাম
ভাষাশহীদ আবদুস সালামের নামে তাঁর গ্রামের নাম পরিবর্তন করে ‘সালাম নগর’ করা হয়েছে। আগে ওই গ্রামের নাম ছিল লক্ষ্মণপুর। কিন্তু গ্রামের নাম পরিবর্তনের পাঁচ বছর পরও গ্রামের একমাত্র বিদ্যালয়টির নাম এখনো লক্ষ্মণপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় রয়ে গেছে।ভাষাশহীদ আবদুস সালামের বাড়ি ফেনীর দাগনভূঁঞা উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামে (বর্তমানে সালাম নগর)। গ্রামে কোনো বিদ্যালয় না থাকায় মোমিন মিয়া নামের এক শিক্ষানুরাগী বিদ্যালয় স্থাপনের জন্য ৩৩ শতক জমি দান করেন। সেখানে লক্ষ্মণপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়। বর্তমানে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ রয়েছেন চারজন শিক্ষক। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ১৭০।বিদ্যালয় পরিচালনা কমিটি বহু আবেদন করেও বিদ্যালয়ের নাম ‘সালাম নগর’ করতে পারেনি। পরিচালনা কমিটির সভাপতি এবাদুল হক বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাঁদের জানিয়েছেন, বিদ্যালয়ের নাম পরিবর্তন করতে হলে সরকারি তহবিলে তিন লাখ টাকা জমা দিতে হবে।দাগনভূঁঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির বলেন, বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য সরকারি তহবিলে তিন লাখ টাকা অনুদান জমা দিতে হয়। জেলা প্রশাসন অবশ্য বলছে, প্রশাসনিকভাবে লেখালেখির মাধ্যমে বিদ্যালয়ের নামও গ্রামের নামে করা হবে। এ জন্য টাকার দরকার হবে না। ২০০৮ সালের এপ্রিলে ভাষাশহীদ সালামের গ্রামের নাম সরকারিভাবে ‘সালাম নগর’ করা হয়। গ্রামে ভাষাশহীদ সালাম সঞ্চৃতি জাদুঘর ও গ্রন্থাগার স্থাপন করা হয়। ভাষাশহীদ সালামের ছোট ভাই আবদুল করিম বলেন, ভাষাশহীদ সালাম জাতির গর্ব। তাঁর নামে সরকার গ্রামের নাম পরিবর্তন করে ‘সালাম নগর’ করেছে। এখন সরকারের উচিত বিদ্যালয়ের নাম গ্রামের নামের সঙ্গে মিল রেখে পরিবর্তন করা। দাগনভূঁঞা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা ইয়াছমিন জানান, এ বিষয়ে সম্প্রতি জেলা প্রশাসক একটি প্রতিবেদন চেয়েছেন। তিনি বিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়ে জেলা প্রশাসক বরাবর একটি প্রতিবেদন পাঠানোর জন্য প্রস্তুত করেছেন।ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার বলেন, যেহেতু সরকার ভাষাশহীদের প্রতি সমঞ্চান দেখিয়ে গ্রামের নাম ‘সালাম নগর’ করেছে, সেহেতু বিদ্যালয়ের নামও গ্রামের নামে হওয়া আবশ্যক। তিনি বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি লেখা হবে।