গ্রামের পর গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের লামা পৌর শহরের বড় একটি অংশসহ উপজেলার সাতটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। আর শঙ্খ নদে পানি বৃদ্ধি পেয়ে চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়ার বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। তিন দিনের প্রবল বর্ষণে ডুবে গেছে বান্দরবান শহরের নিম্নাঞ্চল। অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর পরশুরাম ও ফুলগাজীর কমপক্ষে ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে।ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:লামা (বান্দরবান): গত চার দিনের টানা বর্ষণের ফলে মাতামুহুরী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পৌর শহরের প্রায় অর্ধেক এলাকাসহ উপজেলার সাতটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রত্যন্ত এলাকার কয়েক হাজার মানুষ। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, চার দিনের অব্যাহত বর্ষণের কারণে মাতামুহুরীর পানি বাড়ায় নদী-তীরবর্তী এলাকা এবং পৌর এলাকার নয়াপাড়া, চেয়ারম্যানপাড়া, উপজেলা পরিষদের আবাসিক এলাকা, ছোট নুনারবিল পাড়া, রুপসীপাড়া সড়কের ছৈয়দ নুর মাস্টার পাড়ার অংশ ও ফাঁসিয়াখালীর ইয়াংছা বাজারের অংশসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল বলেন, আজিজনগর-গজালিয়া সড়কের কাটা পাহাড় এলাকায় এবং ডুলাহাজারা-বনফুর সড়কের কালীর ঝিরি এলাকায় পাহাড়ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার আজিজনগর-গজালিয়া সড়কে পাহাড়ধসের ঘটনায় নবম শ্রেণীর ছাত্রী সাদিয়া খাতুন ও ওবায়দুর রহমান (৩৫) নামে এক পথচারী আহত হয়েছেন।বান্দরবান: শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, ইসলামপুর, ওয়াপদা সেতু, আর্মিপাড়া, কাশেমপাড়া, উজানিপাড়াসহ বেশ কয়েকটি নিচু এলাকা বন্যার পানিতে ডুবে গেছে। দুর্গত লোকজন হাফেজঘোনা, বাসস্টেশন, শহর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। সড়ক ডুবে যাওয়ায় রোববার ও গতকাল বান্দরবান-কেরানিহাট-চট্টগ্রাম-ঢাকা এবং বান্দরবান-বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা-রাঙামাটি সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নূরুল আফছার জানান, জেলা শহরে মোট ১০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। চন্দনাইশ (চট্টগ্রাম): স্থানীয় লোকজন জানায়, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চন্দনাইশ-সাতকানিয়ার নিম্নাঞ্চলের শত শত একর জমির শাকসবজি ও আউশ ধানের খেত এবং আমনের বীজতলা তলিয়ে গেছে। শঙ্খ নদে পানি বৃদ্ধি পেয়ে চন্দনাইশ উপজেলার চাগাচর, জামিজুরী, দক্ষিণ চাগাচর, বরমা, বরকল ও বৈলতলী ইউনিয়ন এবং সাতকানিয়ার কালিয়াইশ, নলুয়া, চরতী, কেউচিয়া, বাজালিয়া ও আমিলাইশ ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। শঙ্খ নদের ভাঙনে দুই উপজেলার শতাধিক ঘরবাড়ি, শত শত একর আবাদি, অনাবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে শঙ্খের প্রবল স্রোতের টানে সবজিবোঝাই দুটি নৌকা ডুবে যায়। চন্দনাইশের দোহাজারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ বলেন, চাগাচর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাগাচর কমিউনিটি ক্লিনিক ভাঙনের মুখে রয়েছে।সাতকানিয়ার আমিনলাইশ ইউপি চেয়ারম্যান সরওয়ার উদ্দীন চৌধুরী বলেন, পুরো আমিনলাইশ ইউনিয়ন প্লাবিত হয়েছে।পরশুরাম (ফেনী): স্থানীয় সূত্র জানায়, পরশুরাম পৌর এলাকার সলিয়া, বাউর পাথর, গুথুমাসহ চিথলিয়া ইউনিয়নের প্রায় আটটি গ্রাম বন্যাকবলিত হয়েছে। এদিকে ফেনী-পরশুরাম সড়কের পরশুরাম অংশে রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় গতকাল সোমবার সারা দিন দু-একটি বাস ছাড়া কোনো যানবাহন চলেনি। ফুলগাজীর শাহপাড়ায় মুহুরী নদীতীরের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ফুলগাজী ইউনিয়নের ঘনিয়ামোড়া, কিসমিত ঘনিয়ামোড়া, জয়পুর, শাহপাড়া, বৈরাগপুর, দৌলতপুর গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সূত্র জানায়, মুহুরী নদীর পানি এখন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলা প্রশাসন গতকাল দুর্গত মানুষের মধ্যে কিছু ত্রাণসামগ্রী বিতরণ করেছে।