‘আসবাব, কাপড়-চোপড়, গরু-ছাগল সব লুট হয়েছে। পরনের কাপড় খালি আছে। এই শীতির মধ্যি পাঁচজন এক লেপে ঘুমাচ্ছি। নিজিগের জমিজমা নাই। এটটা মাইনসির ওপর রোজগার। সে আসামি হয়ে পলায় বেড়াচ্ছে। না খায়ে মরতিছি। আবার ছোট ছাওয়াল-মাইয়ে নিয়ে ভয়ে রাত্তিরি ঘোম আসে না।’এভাবে নিজের পরিবারের দুর্ভোগের কথা বলছিলেন নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের চরকরফা গ্রামের মাসুদ শিকদারের স্ত্রী রেশমা বেগম (৩০)। আধিপত্য বিস্তারের জের ধরে সংঘর্ষে গ্রামের এক যুবক খুন হওয়ার পর এই পরিবারের মতো গ্রামের অধিকাংশ পরিবার দুর্ভোগের শিকার হচ্ছে। গ্রামের পুরুষেরা কেউ বাড়িতে থাকেন না।স্থানীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ১ জানুয়ারি দুই পক্ষের সংঘর্ষে নবীর সরদার-পক্ষের মশিয়ার মুন্সী (৪০) খুন ও উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হন। মশিয়ারের ছেলে শিমুল মুন্সী ৪৬ জনকে আসামি করে মামলা করেন। খুনের জের ধরে প্রতিপক্ষ গোলাম রসুল শিকদার-পক্ষের ১৬টি বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়। এসব ঘটনায় চারটি মামলা হয়। সর্বশেষ ১৬ জানুয়ারি রাতে জরিফ শিকদারের বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা হয়। ছয় মামলায় গ্রামের ২৯১ জনসহ অজ্ঞাত পরিচয় অনেককে আসামি করা হয়েছে। গ্রেপ্তারের ভয়ে ২০ দিন ধরে গ্রামের সব পুরুষ বাড়িছাড়া। সম্প্রতি কেউ কেউ জামিন নিলেও ভয়ে বাড়ি ফিরতে পারছে না।২১ জানুয়ারি সরেজমিনে জানা গেছে, চরকরফা গ্রামে সরদার ও শিকদার বংশের মধ্যে ৫০-৬০ বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই চলে হামলা, মামলা ও লুটপাট। এখন শিকাদর বংশের নেতৃত্ব দিচ্ছেন ইউপি সদস্য গোলাম রসুল শিকদার এবং সরদার বংশের নেতৃত্বে আছেন নবীর সরদার। গ্রামের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান চরকরফা-ধর্মদেবপাড়া বেরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ১৩৫ জন। সংঘর্ষের পর এখন উপস্থিতির হার ৪০-৫০। প্রধান শিক্ষক মোশারেফ হোসেন শিকদার বলেন, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামে প্রায়ই হামলা-মামলা হচ্ছে। ছেলেমেয়েদের লেখাপড়া হচ্ছে না। সহকারী শিক্ষক শিকদার বদরুল আলম বলেন, গ্রামের মানুষ লেখাপড়ায় অনেক পিছিয়ে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানায়, উভয় পক্ষের বেশ কয়েকজন মাতবরের স্বার্থান্বেষী চরিত্রের কারণে এই দ্বন্দ্ব চলে আসছে। এঁদের কাছে পুরো গ্রামের মানুষ জিম্মি। মামলার খরচ চালাতে গ্রামের লোক নিঃস্ব হচ্ছে। আর মামলার খরচ বাবদ এসব মানুষের টাকায় মাতবরেরা ফুলে-ফেঁপে উঠছেন।গ্রামের জরিফ শিকদারের স্ত্রী হামিদা বেগম (৫০) বলেন, ‘ছেলে এসএসসি পরীক্ষা দিবে। তাকে শুধু শুধু মার্ডার কেসের আসামি করিছে। ঘরের সব মালামাল লুটে নেছে। এই চাল্লার সব নলকূপ চুরি করে নেছে। একটু পানি খাওয়ার ব্যবস্থা নাই। আবার আমার ঘরটা পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়ায় দেছে।’ সাহিদ শেখের স্ত্রী রাবেয়া বেগম (৫০) বলেন, ‘গভীর রাতে দরজায় কারা যেন ধাক্কা দেয়। ভয়ে রাতে পায়খানা-প্রসাব করতে বেরোই না। দুই একর জমি আছে। চারা দিয়েছিল। হ্যান্যে ধান লাগানোর সময়। মামলায় আসামি হয়ে মানুষটা পলায় বেড়াচ্ছে বলে ধান লাগাতি পারতিছে না।’এক পক্ষের মাতবর নবীর সরদার বলেন, ‘গ্রামে মার্ডার হলে কিছু লুটপাট তো হয়ই। আমরা গোলমাল করতে চাই না। তারা ছাড়ে না।’ অন্য পক্ষের মাতবর গোলাম রসুল শিকদার বলেন, ‘ওরা তিন দিন ধরে হামলা চালানোর পর আমরা প্রতিবাদ করেছি মাত্র।’স্থানীয় লোহাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদর খোন্দকার বলেন, ওই গ্রামের প্রভাবশালীরা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রকিব খান বলেন, দুই বংশের দ্বন্দ্ব যুগ যুগ ধরে চলে আসছে। উভয় পক্ষের আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপরাধীরা পার না পায়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।