গ্রামের বাড়িতে দাফন সেনাসদস্য আজিজুরকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে পাহাড়ধসের পর উদ্ধারকাজ চালানোর সময় ভূমিধসে নিহত সেনাসদস্য আজিজুর রহমানকে তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শ্রীনাথদীতে দাফন করা হয়েছে।

গত শুক্রবার রাত ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় আজিজুরের। এর আগে রাঙামাটি থেকে অ্যাম্বুলেন্সে তাঁর মরদেহ এসে পৌঁছালে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে জড়ো হন তাঁর স্বজন ও এলাকাবাসী। এ সময় স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। তাঁদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

গত মঙ্গলবার রাঙামাটির মানিকছড়িতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার কাজ করতে গিয়ে ভূমিধসে নিখোঁজ হন আজিজুর। পরে গত বৃহস্পতিবার দুপুরে আজিজুরের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখান থেকে মরদেহ নিয়ে মাদারীপুর রওনা হয় সেনাবাহিনীর একটি দল।

শ্রীনাথদী গ্রামের খলিলুর রহমানের ছেলে আজিজুর ২০০২ সালে সেনাবাহিনীতে যোগ দেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে আজিজুর বড়।