গ্রামাঞ্চলে বিদ্যুতের নতুন নতুন লাইন হচ্ছে। প্রতি মাসে কয়েক লাখ নতুন গ্রাহককে সংযোগও দেওয়া হচ্ছে। কিন্তু তাঁরা বিদ্যুৎ পাচ্ছেন খুব কম। গত ছয়-সাত বছরে দেশে বিদ্যুতের উৎপাদনক্ষমতা বেড়ে প্রায় তিন গুণ হলেও তার প্রতিফলন গ্রামে নেই। বিশেষ করে গ্রীষ্ম, সেচ, অনাবৃষ্টির মতো পরিস্থিতিতে গ্রামাঞ্চল এখনো দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকে।
এই চিত্র উঠে এসেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) একটি প্রতিবেদনে। আরইবির গত এপ্রিল মাসের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি-সংক্রান্ত ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ এপ্রিল তাদের আওতাধীন এলাকায় চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি ছিল ২ হাজার ৪৬ মেগাওয়াট। ওই দিন আরইবির এলাকায় সর্বোচ্চ চাহিদা ছিল ৪ হাজার ৮০৭ মেগাওয়াট। পেয়েছে ২ হাজার ৭৬১ মেগাওয়াট।
এপ্রিল মাসের আরও বেশ কয়েক দিন চাহিদার তুলনায় দেড় হাজার থেকে ১ হাজার ৯০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ ঘাটতি ছিল গ্রামাঞ্চলভিত্তিক বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আরইবির এলাকায়।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন গত রোববার প্রথম আলোকে বলেন, আরইবির ক্ষেত্রে এটাই বাস্তবতা। সরকার ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছানোর কর্মসূচি নিয়েছে। সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আরইবি নতুন নতুন লাইন করছে। সংযোগ দিচ্ছে। বিতরণব্যবস্থার সার্বিক উন্নয়ন করছে। কিন্তু বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরইবির এ কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারছে না বলে মনে হয়।
চলতি অর্থবছরে (২০১৫-১৬) মোট ৩০ লাখ নতুন গ্রাহককে সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আরইবি। সেখানে গত ৩০ এপ্রিল পর্যন্ত অর্থাৎ অর্থবছরের প্রথম ১০ মাসে সংযোগ দেওয়া হয়েছে ৩২ লাখ ৬৪ হাজার ৮৭৯। গড়ে প্রতি মাসে ৩ লাখ ২৫ হাজারেরও বেশি সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে গত মার্চ মাসে নতুন সংযোগ দেওয়া হয়েছে ৫ লাখ ৮ হাজার ৭৩৪টি।
চলতি মে ও আগামী জুন মাসে আরও প্রায় পাঁচ লাখ গ্রাহক নতুন সংযোগের আওতায় আসবেন। এই প্রায় ৩৮ লাখ গ্রাহকের জন্য আরইবির বিদ্যুতের চাহিদা বাড়বে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট। এই যে প্রতি মাসে চাহিদা বাড়ছে (আরইবির ক্ষেত্রে শুরুতে প্রতি এক লাখ গ্রাহকের জন্য ৩০ মেগাওয়াট) এর প্রতিফলন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাবে পাওয়া যায় না।
এপ্রিলে আরইবির এলাকায় যখন দুই হাজার মেগাওয়াটেরও বেশি লোডশেডিং হয়েছে, তখনো দেশে চাহিদার তুলনায় বিদ্যুতের তেমন ঘাটতি ছিল না বলে তথ্য প্রকাশিত হয়েছে পিডিবির দৈনিক চাহিদা ও সরবরাহ-সংক্রান্ত প্রতিবেদনে।
আরইবির চেয়ারম্যান বলেন, বর্তমানে আরইবির সর্বোচ্চ দৈনিক চাহিদা প্রায় ৪ হাজার ৮০০ মেগাওয়াট। এই বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম বিতরণব্যবস্থাও গড়ে তোলা হয়েছে। এপ্রিল পর্যন্ত আরইবির ৩৩/১১ কেভি উপকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭০০। ১১ কেভি বিতরণ লাইনের (ফিডার) সংখ্যা দাঁড়িয়েছে প্রায় আড়াই হাজার। এই অর্থবছর শেষে আরইবির বিতরণব্যবস্থা প্রায় আট হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে সক্ষম হবে। বিদ্যুৎ সরবরাহে ঘাটতি না থাকলে গ্রামের মানুষ বিদ্যুৎ পাবে।
তবে ঝড়-ঝঞ্ঝার মতো প্রাকৃতিক দুর্যোগ গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে একটি বড় বাধা। লাইনের ওপর গাছপালা পড়ে প্রায়ই সরবরাহে বিঘ্ন ঘটায়। এর প্রতিকার পাওয়ার মতো কোনো উপায় আপাতত নেই। এ ছাড়া নতুন নতুন সংযোগ দেওয়া অব্যাহত থাকায় সব সময়ই কিছু কিছু ট্রান্সফরমার, উপকেন্দ্র ও বিতরণ লাইন ভারাক্রান্ত (ওভারলোডেড) হয়ে পড়ে। সেগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্যও সব সময়ই কার্যক্রম চালানো হচ্ছে।